ফেসবুকের ‘অ্যাডিশনাল প্রোফাইল’ বা অতিরিক্ত প্রোফাইল সুবিধা স্থায়ীভাবে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা। আগামী ১৪ ডিসেম্বর ২০২৬ থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। ফলে একটি ফেসবুক অ্যাকাউন্টের অধীনে তৈরি করা অতিরিক্ত প্রোফাইলগুলো আর ব্যবহার করতে পারবেন না ব্যবহারকারীরা। তবে তাদের মূল (প্রাইমারি) প্রোফাইল আগের মতোই সচল থাকবে। এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ব্যাংকক পোস্ট।
২০২৩ সালের সেপ্টেম্বরে চালু হওয়া এ ফিচারের মাধ্যমে একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকেই একাধিক আলাদা প্রোফাইল তৈরির সুযোগ পেতেন ব্যবহারকারীরা। ব্যক্তিগত যোগাযোগ, কর্মক্ষেত্রের নেটওয়ার্কিং কিংবা বিভিন্ন ফেসবুক গ্রুপে অংশগ্রহণের মতো ভিন্ন ভিন্ন উদ্দেশ্যে এসব প্রোফাইল ব্যবহার করা যেত। এতে আলাদা ইমেইল ঠিকানা বা নতুন অ্যাকাউন্ট খোলার প্রয়োজন হতো না।
মেটা জানিয়েছে, নতুন সিদ্ধান্তের আওতায় শুধু মূল অ্যাকাউন্টের অধীনে তৈরি অতিরিক্ত প্রোফাইলগুলো বন্ধ করা হবে। এতে ব্যবহারকারীদের মূল ফেসবুক অ্যাকাউন্ট বা প্রোফাইলের কার্যক্রমে কোনো পরিবর্তন আসবে না।
তবে অতিরিক্ত প্রোফাইলে থাকা ছবি, পোস্টসহ অন্যান্য ব্যক্তিগত তথ্য সংরক্ষণের জন্য ব্যবহারকারীদের ১৪ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত সময় দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে প্রয়োজনীয় তথ্য ডাউনলোড বা এক্সপোর্ট করে নিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে তথ্য সংরক্ষণ না করলে পরবর্তী সময়ে সেগুলো স্থায়ীভাবে মুছে ফেলা হবে।
এদিকে, অতিরিক্ত প্রোফাইল ব্যবহার করে যেসব ব্যবহারকারী ফেসবুক গ্রুপ পরিচালনা করছেন, তাদের দ্রুত মূল প্রোফাইলে গ্রুপের অ্যাডমিন ক্ষমতা হস্তান্তরের পরামর্শ দিয়েছে মেটা। অন্যথায় সংশ্লিষ্ট গ্রুপে মূল প্রোফাইলের অধীনে কোনো অ্যাডমিন না থাকলে নতুন অ্যাডমিন নিয়োগ না হওয়া পর্যন্ত গ্রুপটি সাময়িকভাবে স্থগিত থাকতে পারে।
যেভাবে অতিরিক্ত প্রোফাইলের তথ্য ডাউনলোড করবেন
অতিরিক্ত প্রোফাইল বন্ধ হওয়ার আগে ছবি, পোস্টসহ প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ করতে কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে।
১. প্রথমে যে অতিরিক্ত প্রোফাইলের তথ্য ডাউনলোড করতে চান, সেটিতে সুইচ করুন।
২. এরপর Settings & Privacy থেকে Settings অপশনে প্রবেশ করুন।
৩. Your Information and Permissions বিভাগে গিয়ে Export Your Information নির্বাচন করুন।
৪. এরপর Create Export অপশনে ক্লিক করে নির্দিষ্ট অতিরিক্ত প্রোফাইলটি নির্বাচন করুন। তথ্য নিজের ডিভাইসে নাকি অন্য কোনো বাহ্যিক সেবায় সংরক্ষণ করবেন, তা নির্ধারণ করুন।
৫. সবশেষে যে ধরনের তথ্য ডাউনলোড করতে চান, সেগুলো নির্বাচন করে Create Export-এ ক্লিক করুন।
