‘আজ বাড়িতে গু’লি করলাম, কাল শরীরে করব’—চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হুমকি

আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ১৪:২৬

‘আজ বাড়িতে গুলি করলাম, কাল শরীরে গুলি করব। কাফনের কাপড় কিনে রাখিস’—চাঁদা না পেয়ে বাড়িতে গুলি করার পর এভাবেই এক ব্যবসায়ীকে মুঠোফোনে কল করে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। 

রোববার (১৫ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে নগরের বায়েজিদ বোস্তামী থানার শহীদনগর এলাকার জাফর আহমদ নামের এক ভূমি ব্যবসায়ীর বাড়িতে এই ঘটনা ঘটে। 

জাফর আহমদ জানান, ২০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ‘সন্ত্রাসী’ মোহাম্মদ রায়হানের সহযোগীরা তার বাড়ির জানালা লক্ষ্য করে গুলি ছোড়েন। ঘটনার সময় তিনি ও পরিবারের সদস্যরা ওই কক্ষে ছিলেন না। ফলে কেউ হতাহত হননি। তবে গুলিতে জানালার কাচ ভেঙে যায়।

জাফর আহমদ বলেন, ১০ মাস আগে রায়হান তাকে ফোন করে ২০ লাখ টাকা চাঁদা চেয়েছিলেন। তবে তখন তিনি নিজের ও স্ত্রীর চিকিৎসার জন্য ভারতে ছিলেন। বিষয়টি তখন পুলিশকে জানানো হয়। এরপর দীর্ঘদিন চুপ থাকলেও গত বুধবার আবারও চাঁদা দাবি করে হুমকি দেন রায়হান।

রোববার গুলির ঘটনার পর তার মুঠোফোনে আবারও রায়হান কল করে হুমকি দেন বলে জানান জাফর আহমদ। তিনি বলেন, ‘গুলি করার পর ফোন করে আমাকে বলেছে, টাকা দিসনিতে তো, আজ বাড়িতে গুলি করলাম, কাল তোদের শরীরে গুলি করব। কাফনের কাপড়চোপড় কিনে রাখিস।’

বায়েজিদ বোস্তামী থানার ওসি ইখতিয়ার উদ্দিন বলেন, বাড়ির মালিক জাফর নামের এক ব্যক্তি। তিনি ভূমি বেচাকেনার সঙ্গে সম্পৃক্ত। তার কাছ থেকে ২০ লাখ চাঁদা দাবি করেছিল সন্ত্রাসীরা। রাতে সোয়া ১২টার দিকে দুটি মোটরসাইকেলে করে এসে ভবন লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলি ছুড়েছে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি এবং কারা এর সাথে জড়িত, তাদের চিহ্নিত করার কাজ করছি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

বিদেশি পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের অন্যতম সহযোগী এই রায়হান। তবে সম্প্রতি তার নাম ব্যবহার করে কিছু ‘ছিঁচকে সন্ত্রাসী’ চাঁদা দাবি করছেন বলে অভিযোগ রায়হানের। পুলিশের দাবি, হত্যা, চাঁদাবাজি ও অস্ত্র আইনের ১৫টি মামলার আসামি রায়হান। দীর্ঘদিন ধরে অপরাধজগতের সঙ্গে যুক্ত থাকায় এবং স্থানীয় পাহাড়ি এলাকার পথঘাট চেনা থাকায় নিজের অবস্থান গোপন রাখতে পারছেন এই সন্ত্রাসী; যার কারণে ধরা পড়ছে না।

ইত্তেফাক/এমএসআর