নরসিংদী জেলা ও শহর পূজা উদযাপন পরিষদের যৌথ উদ্যোগে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গোপিনাথ জিউর আখ্ড়াধামে গিয়ে শেষ হয়। এর আগে এ উপলক্ষ্যে নরসিংদী বাগবিতান ক্লাব দুর্গা মন্দির প্রাঙ্গণে আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সূর্যকান্ত দাসের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা লে. কর্ণেল (অব.) মো. নজরুল ইসলাম হিরু (বীর প্রতীক)। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বিশ্ব নাথ বণিক, নরসিংদীর ডিডিএলজি ড. মাহবুব উল করিম, পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার বিপিএম (বার) পিপিএম, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দীপক কুমার সাহা প্রমুখ।
এছাড়া নরসিংদী হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের উদ্যোগে মন্দির ভিত্তিক স্কুলসমূহের শিক্ষক, শিক্ষার্থীসহ অভিভাবকদের সমন্বয়ে অপর একটি শোভাযাত্রা জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে সার্কিট হাউজে গিয়ে আলোচনা সভার মাধ্যমে শেষ হয়। শোভাযাত্রায় হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের উপপরিচালক দীপ্তি রানি দাসের পরিচালনায় বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষ ও শিশুসহ সর্বস্তরের লোকজন অংশগ্রহণ করে।
