বাধার মুখেই নারায়ণগঞ্জের মাহফিলে যোগ দেওয়ার ঘোষণা আমির হামজার

আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ১৬:৪৮

স্থানীয় আলেম-ওলামা ও রাজনৈতিক দলের একাংশের তীব্র বিরোধিতা সত্ত্বেও নারায়ণগঞ্জের বন্দর এলাকায় তাফসিরুল কোরআন মাহফিলে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (কুষ্টিয়া-৩) ও আলোচিত ইসলামি বক্তা মুফতি আমির হামজা। সব ধরনের বাধা ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করার প্রত্যয়ও ব্যক্ত করেছেন তিনি।

সোমবার (১৬ নভেম্বর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টের মাধ্যমে তিনি এই ঘোষণা দেন।

ফেসবুক স্ট্যাটাসে নারায়ণগঞ্জবাসীকে আমন্ত্রণ জানিয়ে আমির হামজা লেখেন, ‘প্রিয় নারায়ণগঞ্জ, আমি আসছি বন্দর থানার ২৫ নম্বর ওয়ার্ডের ঐতিহাসিক ফুটবল মাঠে। সকলকে জানাই আন্তরিক আমন্ত্রণ। দেখা হবে, কথা হবে, ইনশাআল্লাহ।’ একই সঙ্গে তিনি জানান, সব ধরনের ষড়যন্ত্র ও বাধা ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করা হবে।

সোমবার বন্দর থানার ‘তারতীলুল কোরআন আহমাদীয়া মাদ্রাসা’র উদ্যোগে এই তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আলোচনা পেশ করবেন মুফতি আমির হামজা।

এর আগে, গত শনিবার (১৪ নভেম্বর) বন্দরের লক্ষণখোলা মাহমুদীয়া মাদ্রাসায় স্থানীয় আলেম-ওলামা ও বিভিন্ন রাজনৈতিক দলের একাংশের নেতারা এক বৈঠকে বসেন। ওই বৈঠক থেকে যেকোনো মূল্যে আমির হামজার নারায়ণগঞ্জে আগমন প্রতিহত করার ঘোষণা দেওয়া হয়। স্থানীয় এই বিরোধিতার পর থেকেই মাহফিলটি ঘিরে এলাকায় উত্তেজনা বিরাজ করছিল, যার প্রেক্ষিতেই নিজের অবস্থানের কথা পরিষ্কার করলেন এই ইসলামি বক্তা।

 

 

ইত্তেফাক/এএম