ব্রেক্সিটে লাভের চেয়ে ক্ষতিই বেশি হয়েছে: ব্রিটিশ প্রধানমন্ত্রী

আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ২০:২৭

ব্রেক্সিটের পর ইউরোপীয় ইউনিয়ন থেকে বিচ্ছিন্ন হয়ে যুক্তরাজ্য যতটা লাভবান হয়েছে, তার চেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে বলে মনে করেন দেশটির প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম। এ পরিস্থিতি কাটিয়ে উঠতে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে নতুন করে সম্পর্ক উন্নয়নের উদ্যোগ নিতে চান তিনি।

সোমবার (১৬ নভেম্বর) লন্ডনে লর্ড মেয়রের ভোজসভায় দেওয়া ভাষণে এ বিষয়ে কথা বলার কথা রয়েছে বার্নহামের। এ ছাড়া চলতি সপ্তাহে ইউরোপীয় নেতাদের সঙ্গে সম্মেলনে যোগ দিতে ব্রাসেলস সফর করবেন তিনি। সেখানে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে কয়েকটি নতুন চুক্তি সইয়ের উদ্যোগ নেওয়ার কথা রয়েছে তার।

বার্নহামের পরিকল্পনা অনুযায়ী, খাদ্য ও কৃষিপণ্য, কার্বন নিঃসরণ বাণিজ্য এবং তরুণদের যাতায়াত ও কাজের সুযোগ নিয়ে চুক্তি হতে পারে। এসব চুক্তির ফলে যুক্তরাজ্যের মোট দেশজ উৎপাদন (জিডিপি) শূন্য দশমিক ৪ শতাংশ বাড়তে পারে বলে তার ধারণা। এর আর্থিক মূল্য প্রায় ১৭ বিলিয়ন পাউন্ড।
ভাষণে বার্নহাম বলবেন, ব্রেক্সিটের সময় তৎকালীন প্রধানমন্ত্রী বরিস জনসন জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা বাস্তবে পূরণ হয়নি। বরং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে অপ্রয়োজনীয় কঠোর বিচ্ছেদ ব্যবসা-বাণিজ্যে বাধা সৃষ্টি করেছে এবং দেশের অর্থনৈতিক সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করেছে।

তিনি আরও বলবেন, ইউরোপের সঙ্গে সম্পর্ক উন্নয়নে সরকার এমন কোনো চুক্তি করবে না, যা লেবার পার্টির নির্বাচনী ইশতেহার ও সরকারের নির্ধারিত নীতিগত সীমারেখার সঙ্গে সাংঘর্ষিক। নতুন চুক্তিতে ২০১৬ সালের গণভোটে মানুষ যে প্রত্যাশা নিয়ে ব্রেক্সিটকে সমর্থন করেছিল, সেটিও বিবেচনায় রাখা হবে। পাশাপাশি সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে বাস্তব সুফল আনতে হবে।

এদিকে ইইউর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ার বিষয়ে সরকারের উদ্যোগ নিয়ে যুক্তরাজ্যের রাজনৈতিক অঙ্গনে মতবিরোধ রয়েছে। সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন ব্রেক্সিট নিয়ে নতুন করে বিতর্ক শুরু করার বিরোধিতা করেছেন। তার মতে, এই ইস্যুতে আবারও রাজনৈতিক সংঘাত তৈরি হলে বার্নহাম ও তার দলকে এর মূল্য দিতে হতে পারে।

তবে ইইউর সঙ্গে সম্পর্ক উন্নয়নের উদ্যোগ অব্যাহত রাখতে চান বার্নহাম। আগামী শুক্রবার ব্রাসেলসে যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ সম্মেলনে খাদ্যপণ্য, কার্বন নিঃসরণ এবং তরুণদের বিনিময় কর্মসূচি নিয়ে চুক্তি চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

সূত্র: দ্য গার্ডিয়ান

ইত্তেফাক/এবিএস