রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় 'রাজধানী পরিবহনের' একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (১৬ নভেম্বর) রাত ১০টা ৫ মিনিটের দিকে মিরপুর-১ বাসস্ট্যান্ড এলাকায় এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ঘটনার পরপরই পালিয়ে যাওয়ার সময় দুজনকে হাতেনাতে আটক করেছে পুলিশ।
ঘটনার বিবরণ দিয়ে মিরপুর-১ এলাকায় কর্মরত ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) আলামিন জানান, রাত ৯টা ৫০ মিনিটের দিকে রাজধানী পরিবহনের বাসটি যাত্রী নামানোর জন্য নির্ধারিত স্ট্যান্ডে থামে। বাসের সব যাত্রী নেমে যাওয়ার পরপরই হঠাৎ সেটিতে আগুন জ্বলে ওঠে।
তিনি আরও জানান, আগুন ছড়িয়ে পড়ার আগেই বাসের চালক ও তার সহকারী নিরাপদে নেমে আসতে সক্ষম হন। যাত্রীরাও আগেই নেমে যাওয়ায় এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে আগুনে বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মিরপুর বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা রাজধানী পরিবহনের ওই বাসটিতে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। আগুন দিয়ে পালিয়ে যাওয়ার সময় পুলিশ ধাওয়া করে ঘটনাস্থল থেকেই দুজনকে হাতেনাতে আটক করে।
তবে তাৎক্ষণিকভাবে আটককৃত ওই দুজনের নাম-পরিচয় জানা যায়নি। তাদের জিজ্ঞাসাবাদ ও পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
