চট্টগ্রামে এস আলম গ্রুপের বন্ধ থাকা ১১টি শিল্পকারখানা চালু এবং চাকরিচ্যুত শ্রমিক-কর্মচারীদের পুনরায় কাজে যুক্ত করার দাবিতে পদযাত্রা কর্মসূচি পালন করেছেন শত শত শ্রমিক-কর্মচারী।
গতকাল সোমবার সকালে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মইজ্জারটেক এলাকা থেকে তারা পদযাত্রা শুরু করে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে সমবেত হন। এখানে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করেন শ্রমিকগণের প্রতিনিধিরা।
কর্মসূচি পালনরত শ্রমিক-কর্মচারীরা জানান, এ কর্মসূচিতে প্রায় ১ হাজার শ্রমিক-কর্মচারী অংশ নেন। তাদের দাবি, দীর্ঘদিন ধরে কারখানাগুলো বন্ধ থাকায় হাজারো শ্রমিক-কর্মচারী কর্মহীন হয়ে পড়েছেন। আয়-রোজগার বন্ধ হয়ে যাওয়ায় পরিবার নিয়ে তাদের আর্থিক সংকটে দিন কাটছে।
স্মারকলিপিতে শ্রমিকেরা উল্লেখ করেন, ২০২৪ সালের জুলাই-আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর এস আলম গ্রুপের বিভিন্ন কারখানায় উত্পাদন কার্যক্রম ব্যাহত হতে থাকে। পরে ব্যাংকিং জটিলতা ও কাঁচামাল সংকটসহ নানা কারণে কারখানাগুলোতে উত্পাদন বন্ধ হয়ে যায়। তাদের অভিযোগ, কোনো ধরনের পূর্বঘোষণা ছাড়াই কারখানাগুলো বন্ধ করে দেওয়া হয়। এরপর মালিকপক্ষের সঙ্গে দফায় দফায় যোগাযোগ করেও তাদের সমস্যার কোনো সুরাহা হয়নি।
শ্রমিকরা আরো জানান, ব্যাংক হিসাব ও ঋণসংক্রান্ত জটিলতার কারণে নতুন করে ঋণপত্র (এলসি) খোলা যাচ্ছে না। ফলে আমদানিনির্ভর শিল্পের কাঁচামাল সংগ্রহ করা সম্ভব হচ্ছে না। এসব জটিলতা নিরসন এবং পর্যাপ্ত চলতি মূলধন নিশ্চিত করা গেলে কারখানাগুলো আবার চালু করা সম্ভব।
স্মারকলিপিতে আরো উল্লেখ করা হয়, দীর্ঘদিন কর্মহীন থাকায় শ্রমিকদের পরিবারে আর্থিক সংকট দেখা দিয়েছে। নিত্যপ্রয়োজনীয় খরচ মেটাতে এবং পরিবারের মৌলিক চাহিদা পূরণে তারা প্রতিনিয়ত হিমশিম খাচ্ছেন। এ অবস্থায় সরকার উদ্যোগ না নিলে কারখানাগুলো চালু করে শ্রমিকদের কর্মস্থলে ফিরিয়ে আনা কঠিন হবে।
