কারিগরি ত্রুটিতে যুক্তরাষ্ট্রের শীর্ষ ব্যাংকগুলোর সেবা বিঘ্নিত

আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ১০:২২
যুক্তরাষ্ট্রের জেপি মরগান চেজ, ব্যাংক অব আমেরিকা এবং ইউএস ব্যাংকসহ বেশ কয়েকটি শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠানে সোমবার (১৬ নভেম্বর) সেবা বিঘ্নিত হওয়ার অভিযোগ করেছেন গ্রাহকরা। অনলাইন সেবা পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ডাউনডিটেক্টর ডটকমের তথ্যমতে, অ্যাকাউন্টে প্রবেশ ও লেনদেন সংক্রান্ত অভিযোগ বেড়ে যাওয়া অন্য ব্যাংকগুলোর মধ্যে রয়েছে ক্যাপিটাল ওয়ান, ট্রুইস্ট এবং ওয়েলস ফার্গো। পাশাপাশি জনপ্রিয় ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম 'জেল' (Zelle) ব্যবহারেও জটিলতার কথা জানিয়েছেন ব্যবহারকারীরা। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।

জেপি মরগান চেজের একজন মুখপাত্র গতকাল জানিয়েছেন, ব্যাংকটি কোনো সাইবার হামলার বদলে একটি কারিগরি ত্রুটি বা সফটওয়্যার বাগ মোকাবিলা করছে। এক বিবৃতিতে তিনি বলেন, “কারিগরি ত্রুটির কারণে কিছু লেনদেন সম্পন্ন হতে স্বাভাবিকের চেয়ে বেশি সময় লাগছে। তবে গ্রাহকরা এখনো তাঁদের অ্যাকাউন্ট এবং তহবিলে প্রবেশ করতে পারছেন। আমরা যত দ্রুত সম্ভব এটি সমাধানের জন্য কাজ করছি।”

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে চেজ আরও ব্যাখ্যা করে জানায়, অন্য ব্যাংকের সঙ্গে লেনদেনে যুক্ত থাকার সময় তাদের সিস্টেমে একটি সফটওয়্যার বাগের কারণে অন্য আর্থিক প্রতিষ্ঠানগুলোও প্রভাবিত হয়েছে। তবে সমস্যাটি সামগ্রিক ব্যাংকিং ব্যবস্থার ত্রুটি (সিস্টেমিক) নয় বলেও উল্লেখ করেছে প্রতিষ্ঠানটি।

ব্যাংকিং সেবায় প্রবেশের চেষ্টা করার সময় চেজের বেশ কয়েকজন গ্রাহক স্ক্রিনে একটি ত্রুটি বার্তা দেখতে পান, যেখানে লেখা ছিল—‘কিছু সেবা পাওয়া যাচ্ছে না। আমরা সেগুলো নিয়ে কাজ করছি। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন’। ডাউনডিটেক্টরের তথ্য অনুযায়ী, সোমবার সকাল থেকেই অনলাইন ব্যাংকিং সেবায় প্রবেশের সমস্যার খবর আসতে শুরু করে এবং বিকেলের মধ্যে অভিযোগের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়।

ইস্টার্ন টাইম দুপুর ২টা নাগাদ প্রায় ৪ হাজার ৮০০ ব্যবহারকারী চেজের বিষয়ে সমস্যার কথা জানান, যা প্ল্যাটফর্মটিতে বিভ্রাটের অভিযোগের তালিকায় ব্যাংকটিকে শীর্ষে নিয়ে যায়। গ্রাহকরা অনলাইন অ্যাকাউন্টে প্রবেশ, ব্যালেন্স দেখা এবং ব্যাংক ট্রান্সফার ও ওয়্যার ট্রান্সফারসহ বিভিন্ন লেনদেন সম্পন্ন করতে ভোগান্তির কথা জানিয়েছেন।

অন্যদিকে, ব্যাংক অব আমেরিকার গ্রাহকরাও এটিএম, অনলাইন ব্যাংকিং এবং মোবাইল ব্যাংকিং সেবায় সমস্যার কথা জানিয়েছেন। তবে ব্যাংকটির একজন মুখপাত্র সিবিএস নিউজকে বলেছেন, তাঁদের সিস্টেম স্বাভাবিকভাবেই কাজ করছে। এদিকে জেল কর্তৃপক্ষও সিবিএস নিউজকে জানিয়েছে, তাঁদের প্ল্যাটফর্ম সচল রয়েছে, যদিও সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠানগুলোর কারিগরি জটিলতার কারণে কিছু গ্রাহক সমস্যার সম্মুখীন হতে পারেন এবং এতে পেমেন্টে বিলম্ব হতে পারে।
ইত্তেফাক/আইএ