গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়ন বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
সোমবার রাত (১৬ নভেম্বর) সোয়া ৭টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের ফ্লাইওভারের পূর্ব পাশে অবস্থিত কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে বিস্ফোরণের বিকট শব্দে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা থেকে স্থানীয় বিএনপির কয়েকজন নেতাকর্মী ও সমর্থক কার্যালয়ের ভেতরে অবস্থান করছিলেন। রাত সোয়া ৭টার দিকে হঠাৎ কার্যালয়ের সামনে পরপর দুটি বিকট শব্দ হয়। এতে আতঙ্কিত হয়ে তারা দ্রুত সেখান থেকে সরে যান।
ধাপেরহাট ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুর রহমান মিলন মণ্ডল বলেন, দুর্বৃত্তরা ফ্লাইওভারের ওপর থেকে বিএনপির কার্যালয় লক্ষ্য করে পরপর দুটি ককটেলসদৃশ বস্তু নিক্ষেপ করে। সেগুলো মুহূর্তের মধ্যে বিকট শব্দে বিস্ফোরিত হয়।
তিনি আরও বলেন, বিএনপির নেতাকর্মীদের ভয়ভীতি দেখানোর উদ্দেশ্যে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত ইনচার্জ এসআই হাফিজুর রহমান বলেন, সেখানে ককটেলসদৃশ বিস্ফোরক বিস্ফোরিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আলামত সংগ্রহ করেছে।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম হাবিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাটি তদন্ত করছে।
এদিকে, এ ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে ধাপেরহাট ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ধাপেরহাট বন্দরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় তারা নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের বিরুদ্ধে স্লোগান দেন।
পরে ইউনিয়ন বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুর রহমান মিলন মণ্ডল, গাইবান্ধা জেলা ওলামা দলের সদস্যসচিব কাজী আমজাদ আলী এবং ধাপেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা শহিদুল ইসলাম শিপনসহ অন্যরা।
