৯ নারী শিল্পীর যৌথ প্রদর্শনী ‘কালারস’

আপডেট : ২৩ আগস্ট ২০১৯, ২২:১২

ফারহানা আফরোজের শিল্পকর্মের বিষয় দৈনন্দিন জীবনাচরণের পোড় খাওয়া অভিজ্ঞতায় সমৃদ্ধ, যা তার চেতনার গভীরে রেখে গেছে চিরস্থায়ী দাগ। অন্যদিকে ফারজানা ইসলামের ভাস্কর্যগুলো তুলে ধরে তার চারপাশের মানুষের জীবন, পুরোনো দরদালান আর প্রকৃতি। শিল্পী মণিদীপা দাশগুপ্ত, যার অনুসন্ধিত্সা শহুরে জীবনের অভিজ্ঞতাকে তার শিল্পের মধ্য দিয়ে আবিষ্কার করে। মুক্তি ভৌমিকের শিল্পচর্চা তার শৈশবের স্মৃতিতাড়িত ও প্রকৃতির চেতনায় রাঙানো।

মনিরা সুলতানার ভালোবাসা হলো প্রকৃতি। তার টেরাকোটায় প্রতিবিম্বিত হয় সংলগ্ন প্রকৃতি। বিভিন্ন রং আর নকশার মধ্য দিয়ে রমণী আর নিসর্গের প্রতি-উপস্থাপনা রেবেকা সুলতানার চমত্কারিত্ব। সময়ের বাস্তবতা, সংগ্রাম, কলঙ্ক আর ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে যাওয়া জীবনের স্পর্শাতীত সৌন্দর্য ভাস্বর করে তোলার চেষ্টা করেন রেহেনা ইয়াসমিন। নারীত্বের আবেগানুভূতি ও উদ্যমকে প্রতিভাসিত করার যে শক্তি ফ্রিদা কাহলোর চিত্রশিল্পে প্রতীয়মান, সেই শক্তিই রিফাত জাহানকে গভীরভাবে স্পর্শ করে আর তা-ই হয়ে ওঠে তার ছবি আঁকার বিষয়। শায়লা আখতারের ছবির নতুন গুচ্ছমালা নারীর ক্ষমতায়ন ও নারীমুক্তি সম্পর্কে সাময়িকভাবে হলেও ভাবতে বাধ্য করবে।

৯ শিল্পীর নানামুখী এসব ভাবনা ও চিন্তার প্রকাশ নিয়ে আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার লা গ্যালারিতে শুরু হলো ‘কালারস’ শীর্ষক দলীয় শিল্পকর্ম প্রদর্শনী। আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার পরিচালক অলিভিয়ে দঁতজে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি ছিলেন স্থপতি এবং কবি রবিউল হুসাইন। সন্মানিত অতিথি ছিলেন শিল্পী কনকচাঁপা চাকমা। প্রায় ৪৫টি চিত্রকর্ম প্রদর্শিত হচ্ছে। প্রদর্শনী চলবে ৩১ আগস্ট পর্যন্ত। সোমবার থেকে বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে রাত ৯টা এবং শুক্রবার ও শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা এবং বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনীটি খোলা থাকবে। রবিববার সাপ্তাহিক বন্ধ। প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত।

শিল্পকলায় আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনী শুরু

পুরো গ্রাম যেন মাছের গ্রাম। মাছ ধরা ও মাছ শুকানোর কাজ করে গ্রামের মানুষ। পুরুষরা সমুদ্রে মাছ ধরে, পরে তা রোদে শুকায় নারীরা। ছবিতে দেখা গেল এক গৃহবধূ নানা জাতের মাছ শুকাচ্ছেন উঠানে। মাছ শুকানোর এ ছবি ফ্রেমবন্দি করেছেন আলোকচিত্রী আনিসুর রহমান। শুধু বাংলাদেশের আলোকচিত্রীদের ছবি নয়, দেওয়াল জুড়ে স্থান পেয়েছে বিশ্বের নানা দেশের ৭০ জন আলোকচিত্রীর ৭০টি ছবি। জীবনবৈচিত্র্যের বর্ণময় ছবিতে সারাবিশ্বের নানা প্রান্তের মানুষ-প্রকৃতি যেন উপস্থিত হয়েছে শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে। ফিনিক্স ফটোগ্রাফিক সোসাইটির আয়োজনে গতকাল শুক্রবার শুরু হয়েছে তিন দিনের আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনী।

ফিনিক্স ফটোগ্রাফিক সোসাইটি ও ফটোগ্রাফিক সোসাইটি অব আমেরিকার নির্বাচিত ছবি প্রদর্শনীতে স্থান পেয়েছে। ‘পিএস আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনী’ শিরোনামের এ আয়োজন শেষ হবে ২৫ আগস্ট।

জমকালো আয়োজনের মধ্য দিয়ে প্রদর্শনীর উদ্বোধন বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলার। এ সময় সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশের প্রথম নারী আলোকচিত্রী সাঈদা খানম। শুভেচ্ছা বক্তব্য রাখেন ফিনিক্স ফটোগ্রাফিক সোসাইটির সভাপতি সৈয়দ সাখাওয়াত কামাল। ধন্যবাদ জ্ঞাপন করেন সোসাইটির সাধারণ সম্পাদক আনিসুর রহমান। প্রদর্শনী ঘুরে দেখা যায়, জাতীয় চিত্রশালার দ্বিতীয় তলার গ্যালারি জুড়ে স্থান পেয়েছে বৈচিত্র্যময় সব আলোকচিত্র। কোনো ছবিতে ভেসে উঠেছে আফ্রিকার মরুর দৃশ্য, আবার কোনো ছবিতে দেখা যাচ্ছে হিমশীতল বরফের দেশ। এছাড়া বিভিন্ন জাতিগোষ্ঠীর লোকাচার, সংস্কৃতি ও জীবনযাত্রাও ছবিগুলোতে উঠে এসেছে।