মাদ্রাসার শিক্ষার্থীদের সাহিত্যচর্চা বাড়াতে হবে: সংস্কৃতি প্রতিমন্ত্রী

আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ২০:৩০

মাদ্রাসার শিক্ষার্থীদের সাহিত্যচর্চা ও সৃজনশীল কর্মকাণ্ডে আরও বেশি যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম। 

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘নজরুল বর্ষ-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও দর্শন থেকে শিক্ষা নিয়ে মাদরাসার শিক্ষার্থীদেরও সাহিত্য চিন্তাধারার চর্চা বাড়াতে হবে।

শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের সাংস্কৃতিক ও সৃজনশীল আয়োজন শিক্ষার্থীদের মেধা, মনন ও মানবিক মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় জীবনে কবির সাহিত্য ও সৃষ্টিকর্মের গুরুত্ব উপলব্ধি করেই ‘নজরুল বর্ষ’ উদযাপনের ঘোষণা দিয়েছেন। 

তিনি বলেন, সাম্য ও মানবতার বাংলাদেশ গড়তে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আদর্শ, চেতনা ও দর্শন ধারণ করতে হবে। জাতীয় কবি নজরুল ইসলাম তার লেখনী ও সৃষ্টির মাধ্যমে শোষণ, বঞ্চনা, বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। তিনি শুধু একজন কবিই নন, অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদের একটি দৃঢ় প্রতীক। তার সাহিত্য ও সৃষ্টিকর্মে সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও মানুষের অধিকার প্রতিষ্ঠার যে বার্তা রয়েছে, তা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে হবে।

মাদ্রাসাশিক্ষার অগ্রগতিতে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করে আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম বলেন, ফাজিল ডিগ্রি ও কামিলকে স্নাতকোত্তর ডিগ্রির সমমান দিয়ে তিনি ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের সূচনা করেছিলেন। ধর্ম ও ইসলামের প্রতি খালেদা জিয়ার অনুরাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে হলেও মাদ্রাসার শিক্ষার্থী ও শিক্ষাব্যবস্থার উন্নয়নে সরকার সব সময় পাশে থাকবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু জাফর খান। বিশেষ অতিথি ছিলেন- বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ ইলিয়াছ ছিদ্দিকী এবং কোষাধ্যক্ষ শাহিনুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার ফাহাদ আহমেদ মোমতাজী।

এদিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ‘নজরুল বর্ষ-২০২৬’ উপলক্ষ্যে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীন ফাজিল ও কামিল মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে দেশব্যাপী পাঁচটি বিষয়ে প্রতিযোগিতার আয়োজন করা হয়। হামদ-নাত, নজরুলসংগীত, কবিতা আবৃত্তি ও উপস্থিত বক্তৃতাসহ বিভিন্ন বিষয়ে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এসব প্রতিযোগিতায় উত্তীর্ণ হয়ে জাতীয় পর্যায়ে নির্বাচিত ১৫ জন বিজয়ী শিক্ষার্থীকে অনুষ্ঠানে পুরস্কৃত করা হয়।

ইত্তেফাক/এসজেএস