পশ্চিমবঙ্গে মন্দিরে পদপৃষ্ঠ হয়ে ৪ জনের মৃত্যু

আপডেট : ২৩ আগস্ট ২০১৯, ২২:১৪

পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার কচুয়ায় জন্মাষ্টমীতে লোকনাথ মন্দিরে পূজা দিতে গিয়ে পদপৃষ্ঠ হয়ে মারা গেছেন ৪ জন। আহত হয়েছেন ২৭ জন। গত বৃহস্পতিবার দিবাগত রাতে ভিড়ের চাপে মন্দিরের দেওয়াল ভেঙে গিয়ে হুড়োহুড়িতে এ ঘটনা ঘটে।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হাসপাতালে আহতদের দেখতে যান। পরে সাংবাদিকদের তিনি বলেন, ‘খুব বেশি ভিড় আর প্রাকৃতিক দুর্যোগের কারণে এই ঘটনা ঘটেছে। খুবই দুঃখজনক ঘটনা। মৃতদের পরিবার পিছু ৫ লাখ টাকা ক্ষতিপূরণ, গুরুতর আহতদের পরিবারকে ১ লাখ টাকা এবং কম আহতদের পরিবারকে ৫০ হাজার টাকা দেওয়া হবে।’

জানা গেছে, রাত থেকেই কচুয়ার ঐ লোকনাথ মন্দিরে পূজা দিতে ভিড় করেন প্রচুর ভক্ত। রাত ২টা নাগাদ মুষলধারে বৃষ্টি শুরু হয়। ভক্তরা মন্দিরের বাইরে বিভিন্ন জায়গায় আশ্রয় নেন। একটু পরে বৃষ্টি থামতেই একসঙ্গে সকলে মন্দিরে ঢুকতে শুরু করেন। এ সময় হুড়োহুড়িতে মন্দিরের দেওয়াল ভেঙে যায়। মন্দিরের গায়ে বাঁশের কাঠামো এবং বেশ কিছু দোকান ছিল। সেগুলোও ভেঙে যায়। আতঙ্কে লোকজন রাস্তায় পড়ে গেলে পদপৃষ্ঠ হয়ে এই হতাহতের ঘটনা ঘটে।