রাজধানীর গুরুত্বপূর্ণ যোগাযোগকেন্দ্র ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন। প্রতিদিন হাজারো মানুষ এই স্টেশন ব্যবহার করে দেশের বিভিন্ন গন্তব্যে যাতায়াত করেন। উত্তরা, দক্ষিণখান, উত্তরখান, কুড়িল, বসুন্ধরা, মিরপুর, আগারগাঁও ও আশপাশের এলাকার মানুষের কাছে স্টেশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু ক্রমবর্ধমান যাত্রীর চাপ সামাল দেওয়ার মতো অবকাঠামো ও নাগরিক সুবিধা গড়ে ওঠেনি। ফলে প্রতিদিনই দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের। বসার জায়গার সংকট, অপরিচ্ছন্ন শৌচাগার, হকারদের দখল, যানবাহনের জটলা, চুরি-ছিনতাইয়ের ভয় এবং নিরাপত্তাব্যবস্থার দুর্বলতা মিলিয়ে স্টেশনটি এখন যাত্রীদের জন্য ভোগান্তির আরেক নাম।
রেলওয়ে সূত্রে জানা গেছে, বিমানবন্দর স্টেশনে প্রতিদিন ৪২টি আন্তঃনগর ও ১৬টি লোকাল ট্রেন যাত্রাবিরতি দেয়। আপ-ডাউন মিলিয়ে ট্রেন চলাচলের সংখ্যা ১১৬টি। প্রতিদিন আন্তঃনগর ট্রেনের প্রায় ২ হাজার থেকে আড়াই হাজার এবং লোকাল ট্রেনের প্রায় দেড় হাজার টিকিট স্টেশন থেকে বিক্রি হয়। অনলাইনে বিক্রি হওয়া টিকিটের হিসাবের বাইরে। ফলে প্রকৃত যাত্রীর সংখ্যা আরো বেশি। রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীদের হিসাবে প্রতিদিন ৬০ হাজারের বেশি মানুষ এই স্টেশন ব্যবহার করেন।
এত বিপুলসংখ্যক যাত্রীর জন্য স্টেশনটিতে প্ল্যাটফরম মাত্র দুটি। অপেক্ষমাণ যাত্রীদের বসার ব্যবস্থাও প্রয়োজনের তুলনায় অপ্রতুল। সরেজমিনে দেখা গেছে, নির্ধারিত আসন পূর্ণ হয়ে গেলে অনেককে প্ল্যাটফরমের মেঝেতে বসে কিংবা দাঁড়িয়ে ট্রেনের জন্য অপেক্ষা করতে হয়। বিশেষ করে নারী, শিশু, বয়স্ক ও অসুস্থ যাত্রীদের দুর্ভোগ বেশি। প্রথম শ্রেণির দুটি বিশ্রামাগারে মিলিয়ে আসন রয়েছে মাত্র ৫২টি। অন্যদিকে বিশ্রামাগার ও সাধারণ শৌচাগারের পরিচ্ছন্নতা নিয়েও অভিযোগ রয়েছে। দুর্গন্ধ ও অপরিচ্ছন্ন পরিবেশে অনেক যাত্রীকে শৌচাগার ব্যবহারে বিড়ম্বনায় পড়তে হয়।
স্টেশনের বাইরের পরিস্থিতিও স্বস্তিদায়ক নয়। প্রবেশপথের সামনে হকারদের দোকান এবং সিএনজিচালিত অটোরিকশা, ব্যক্তিগত গাড়ি ও অন্যান্য যানবাহনের জটলায় যাত্রীদের চলাচল বাধাগ্রস্ত হয়। অনেক সময় যানবাহনের ফাঁক গলে স্টেশনে প্রবেশ করতে হয়। স্টেশনের সামনের ফুটপাত ও চলাচলের জায়গা দখল হয়ে থাকায় বিমানবন্দরগামী যাত্রীদেরও দুর্ভোগে পড়তে হচ্ছে। নিয়মিত উচ্ছেদ অভিযান চালানোর কথা বলা হলেও স্থায়ীভাবে দখলমুক্ত রাখা যাচ্ছে না।
নিরাপত্তা নিয়েও রয়েছে উদ্বেগ। স্টেশন ও আশপাশের এলাকায় যাত্রীদের ব্যাগ, মোবাইল ফোন ও মূল্যবান মালামাল চুরির অভিযোগ পাওয়া যাচ্ছে। গত ৪ নভেম্বর রাতে ট্রেন থেকে নেমে বিমানবন্দরে যাওয়ার পথে এক যাত্রীর ব্যাগ থেকে পাসপোর্ট চুরির ঘটনা ঘটে। ঐ যাত্রীর রাত ৩টায় ওমানগামী ফ্লাইট ছিল। পাসপোর্ট হারিয়ে তিনি ফ্লাইট ধরতে পারেননি। এমন ঘটনা বিদেশগামী যাত্রীদের জন্য বাড়তি উদ্বেগ তৈরি করেছে। অন্যদিকে, ফুটওভারব্রিজ ব্যবহার না করে রেললাইন পারাপারের প্রবণতাও দেখা যায়। এতে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
এরই মধ্যে টিকিট পরীক্ষার নামে যাত্রী হয়রানি ও অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্যদের বিরুদ্ধে। গত ৯ নভেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায়, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া ও সিলেট থেকে আসা কয়েক জন যাত্রী এ ধরনের অভিযোগ করেন। তাদের ভাষ্য, টিকিট না থাকার সুযোগে ভয়ভীতি দেখিয়ে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি অর্থ নেওয়া হয়েছে। এমনকি অনিয়মের ভিডিও ধারণ করতে গিয়ে এক সাংবাদিকও হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। তবে এসব অভিযোগের বিষয়ে নিরপেক্ষ তদন্ত প্রয়োজন।
বিমানবন্দর রেলওয়ে স্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন জানিয়েছেন, ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক (টিটিই) উপস্থিত থাকলে আরএনবি সদস্যরা টিকিট পরীক্ষায় সহযোগিতা করতে পারেন। তবে কোনো অবস্থাতেই তাদের জরিমানা আদায়ের ক্ষমতা নেই। অর্থাত্ টিকিটবিহীন যাত্রীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দায়িত্ব সংশ্লিষ্ট টিকিট কর্মকর্তাদের। ফলে নিরাপত্তা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন যাত্রীরা।
যাত্রীদের দুর্ভোগের বিষয়টি স্বীকার করেছেন বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগের বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক এ বি এম কামরুজ্জামান। তার ভাষ্য, উত্তরা, বসুন্ধরা ও আশপাশের আবাসিক এলাকার বিস্তৃতি এবং নতুন সড়ক যোগাযোগ চালু হওয়ায় বিমানবন্দর স্টেশনে যাত্রীর চাপ অনেক বেড়েছে। অনেক আগে নির্মিত স্টেশনটির বর্তমান ধারণক্ষমতা এই বিপুলসংখ্যক যাত্রীর জন্য যথেষ্ট নয়। এ কারণে স্টেশনের অবকাঠামো সমপ্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।
