যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং অন্যান্য বিশিষ্ট মার্কিন রাজনীতিবিদদের হত্যার ষড়যন্ত্রের দায়ে দোষী সাব্যস্ত এক পাকিস্তানি নাগরিককে ২৭ বছরের বেশি কারাদণ্ড দিয়েছেন মার্কিন আদালত। মঙ্গলবার (১৭ নভেম্বর) যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ (ডিওজে) এই তথ্য জানিয়েছে।
এক বিবৃতিতে বিচার বিভাগ বলেছে, ‘আজ দিনের শুরুতে ব্রুকলিনের ফেডারেল আদালতে মার্কিন ডিস্ট্রিক্ট জজ এরিক আর কমিটি পাকিস্তানের ৪৮ বছর বয়সী আসিফ মার্চেন্টকে জাতীয় সীমানা অতিক্রম করে সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটানোর চেষ্টা এবং ভাড়াটে খুনির মাধ্যমে হত্যার চেষ্টার অভিযোগে ৩৩০ মাসের কারাদণ্ড দিয়েছেন।’
প্রসিকিউটররা জানিয়েছেন, ট্রাম্পের প্রথম মেয়াদে ২০২০ সালে ওয়াশিংটন কর্তৃক ইরানি সামরিক কমান্ডার কাসেম সোলেইমানিকে হত্যার প্রতিশোধ হিসেবে ট্রাম্প ও অন্যদের লক্ষ্য করে পরিচালিত এক পরিকল্পনায় যুক্তরাষ্ট্রে লোক নিয়োগের চেষ্টা করেছিলেন মার্চেন্ট।
ফেডারেল প্রসিকিউটরদের মতে, ২০২৪ সালের ওই ষড়যন্ত্রের লক্ষ্যবস্তুর মধ্যে তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেন এবং সেই বছর রিপাবলিকান প্রেসিডেন্ট মনোনয়নের দৌড়ে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী নিকি হ্যালিও ছিলেন।
বিচার বিভাগের তথ্য অনুযায়ী, আমেরিকার মাটিতে রাজনৈতিক হত্যাকাণ্ডের আয়োজন করতে যুক্তরাষ্ট্রে ভ্রমণের দায়ে গত মার্চ মাসে একটি ফেডারেল জুরি মার্চেন্টকে দোষী সাব্যস্ত করেন। নিউইয়র্ক সিটির ব্রুকলিন বরোতে ফেব্রুয়ারির শেষের দিকে ওই বিচারকাজ শুরু হয়েছিল।
বিচার চলাকালে মার্চেন্ট সাক্ষ্য দেন, তিনি ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসের সঙ্গে এই ষড়যন্ত্রে যুক্ত হয়েছিলেন, তবে তেহরানে থাকা নিজের পরিবারকে রক্ষা করার জন্য অনিচ্ছাসত্ত্বেও তিনি তা করেছিলেন। মার্চেন্ট বলেন, তাকে কখনো কোনো নির্দিষ্ট ব্যক্তিকে হত্যার নির্দেশ দেওয়া হয়নি, তবে ইরানের রাজধানীতে কথোপকথনের সময় তার ইরানি হ্যান্ডলার তিনজন ব্যক্তির নাম উল্লেখ করেছিলেন।
কোনো হামলা ঘটার আগেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিকল্পনাটি নস্যাৎ করে দেয়। বিচার বিভাগ জানিয়েছে, ২০২৪ সালের এপ্রিল মাসে ষড়যন্ত্রে সহায়তার জন্য মার্চেন্ট যে ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেছিলেন, তিনি বিষয়টি কর্তৃপক্ষকে জানিয়ে দেন এবং গোপন তথ্যদাতা হিসেবে কাজ করেন। সে বছরই মার্চেন্ট গ্রেপ্তার হন এবং নিজেকে নির্দোষ দাবি করেন।
এদিকে তেহরান ট্রাম্প বা অন্য কোনো মার্কিন কর্মকর্তাকে লক্ষ্যবস্তু করা বা হামলার ষড়যন্ত্র করার অভিযোগ অস্বীকার করেছে। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় হাজার হাজার মানুষ নিহত এবং লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এসব হামলায় তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ ইরানের অনেক শীর্ষ নেতাও নিহত হয়েছেন।
সূত্র: ডন
