ইয়েমেনে হুতিদের ৬০ লক্ষ্যবস্তু ধ্বংসের দাবি সৌদি জোটের

আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ০৯:৪৪

ইয়েমেনের সানা, হোদেইদাহ, আমরান এবং সাদা প্রদেশে হুতিদের ৬০টি সামরিক লক্ষ্যবস্তু ধ্বংস করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন জোট। বুধবার (১৮ নভেম্বর) ভোরে জোটের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। 

মার্কিন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বিবৃতিতে জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি জানান, হুতি গোষ্ঠীর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা দুর্বল করা এবং সামুদ্রিক হুমকি মোকাবিলা করার লক্ষ্যেই এই অভিযান চালানো হয়েছে। তিনি বলেন, ধ্বংস করা লক্ষ্যবস্তুগুলোর মধ্যে পার্বত্য এলাকায় অবস্থিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সংরক্ষণের সুড়ঙ্গ এবং ড্রোন সংযোজন ও মজুদের স্থাপনা রয়েছে।

জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী, গত জুলাই মাসে সরকারি বাহিনী ও হুতিদের মধ্যে পুনরায় সামরিক সংঘাত শুরু হওয়ার পর থেকে হাজার হাজার মানুষ নিহত ও আহত হয়েছেন এবং আড়াই লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এই নতুন সংঘাত ২০২২ সালের এপ্রিল থেকে ইয়েমেনে বিরাজমান আপেক্ষিক শান্ত পরিস্থিতির অবসান ঘটিয়েছে এবং চলমান লড়াই ও বাস্তুচ্যুতির ফলে দেশটির মানবিক সংকট আরও তীব্র আকার ধারণ করেছে।

উল্লেখ্য, ২০১৪ সালের সেপ্টেম্বরে হুতিরা রাজধানী সানা ও বেশ কয়েকটি প্রদেশ দখল করে নেওয়ার পর থেকে ইয়েমেনে যুদ্ধ চলছে, যার পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দিতে ২০১৫ সালের মার্চে সৌদি নেতৃত্বাধীন জোট এই যুদ্ধে হস্তক্ষেপ করে।

সূত্র: আনাদোলু এজেন্সি

ইত্তেফাক/টিএইচ