ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সাড়ম্বরে গতকাল শুক্রবার দেশজুড়ে জন্মাষ্টমী উদযাপন করেছে সনাতন ধর্মাবলম্বীরা। এ উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, পূজা অর্চনা, প্রসাদ বিতরণ ও নানা আনুষ্ঠানিকতা পালন করা হয়। কেন্দ ীয়ভাবে গতকাল বিকালে রাজধানীর পলাশীর মোড় থেকে মহানগর সার্বজনীন পূজা উদযাপন কমিটির উদ্যোগে শুরু হয় জন্মাষ্টমীর শোভাযাত্রা। শোভাযাত্রার উদ্বোধন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। শ্রীকৃষ্ণের জন্মদিনে হিন্দু সমপ্রদায়কে শুভেচ্ছা জানান তিনি। ঢাকা মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি শৈলেন্দ্রনাথ মজুমদারের সভাপতিত্বে এসময় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন, ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি মিলন কান্তি দত্ত , সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জি প্রমুখ।
ঢাক, ঢোল ও করতালসহ নানা বাদ্যযন্ত্র নিয়ে শোভাযাত্রায় অংশ নেন ভক্তরা। শ্রীকৃষ্ণের শিশুকালের রূপ থেকে শুরু করে তার বিভিন্ন বয়সের রূপে সেজে হাজির হন তারা। এছাড়াও অনেকে রাধা শ্রীকৃষ্ণের যুগল সেজে আসেন।
