সাম্প্রদায়িক অপশক্তিকে সমূলে উত্পাটন করতে হবে :কাদের

আপডেট : ২৩ আগস্ট ২০১৯, ২২:২০

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সাম্প্রদায়িক অপশক্তিকে সমূলে উত্পাটন করতে হবে। গতকাল শুক্রবার রাজধানীর পলাশীর মোড়ে ঐতিহাসিক জন্মাষ্টমী মিছিলের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি আরো বলেন, ‘সাম্প্রদায়িক অপশক্তি শুধু সংখ্যালঘুদের শত্রু নয়, এরা সারা বাংলাদেশের শত্রু। আসুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার মাধ্যমে সকলে মিলে সাম্প্রদায়িক অপশক্তিকে প্রতিহত করি।’ ওবায়দুল কাদের বলেন, অসত্য ও অকল্যাণের     বিরুদ্ধে সত্য, সুন্দর ও কল্যাণের জন্য শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়েছিল। তেমনি সুদিনের প্রত্যাশায় সকলকে শ্রীকৃষ্ণের চেতনায় উজ্জীবিত হতে হবে। দেশের হিন্দু সম্প্রদায়ের শত্রুরা জাতিরও শত্রু। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার সংখ্যালঘু বান্ধব সরকার। এই সরকার যতদিন আছে ততদিন সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই’। 

বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক এখন নতুন উচ্চতায় উন্নীত উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘আমাদের প্রতিবেশীর সঙ্গে অত্যন্ত সুসম্পর্ক রয়েছে, সম্পর্কের কোনো টানাপড়েন নেই। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিল্লি সফরের আমন্ত্রণ জানিয়েছেন। তিনি বলেন, বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্ক বর্তমানে সর্বকালের সেরা সময় পার করছে। আমরা ভারতের সঙ্গে সেরা সম্পর্ক উপভোগ করছি।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাওয়ার পাশাপাশি এদেশের মানুষ সামাজিক, সাংস্কৃতিক এবং ধর্মীয় দিক থেকেও এগিয়ে যাচ্ছে। দেশের সকল মানুষ ধর্ম, বর্ণ নির্বিশেষে ধর্মীয় স্বাধীনতা উপভোগ করছে। 

আগামী সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহকে টার্গেট করে সিটি করপোরেশন ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে উল্লেখ করে তিনি সকল ধর্মাবলম্বীর প্রতি আহ্বান জানান, তারা যেন প্রিয় প্রভুর কাছে প্রার্থনা করেন যাতে আমাদের এই পরিস্থিতি থেকে পরিত্রাণ দেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির রোল মডেল, সারাবিশ্ব এটা জানে।

মহানগর সর্বজনীন পূজা কমিটির সভাপতি শৈলেন্দ্রনাথ মজুমদারের সভাপতিত্বে জন্মাষ্টমী মিছিলের উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি মিলন কান্তি দত্ত ও সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জি। জন্মাষ্টমীর মিছিলটি পলাশী থেকে শুরু হয়ে রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে গিয়ে শেষ হয়।

রোহিঙ্গা সমস্যা সমাধানে

সরকার হাল ছাড়েনি

এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ছে। সরকার এ ব্যাপারে হাল ছাড়েনি। এ সমস্যার সমাধান হবেই। গতকাল শুক্রবার বিকালে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। রাজধানীর ফার্মগেটে কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।

কৃষি অর্থনীতিবিদ সমিতির সভাপতি সাজ্জাদুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক আফম বাহাউদ্দিন নাছিম,  কৃষি অর্থনীতিবিদ সমিতির মহাসচিব প্রফেসর ড. এম কারুজ্জামান প্রমুখ।