রাঙ্গামাটিতে সেনাবাহিনীর অভিযানে ইউপিডিএফ (মূল) দলের শীর্ষ সন্ত্রাসী সুমন চাকমা নিহত হয়েছে। নিহত সুমন চাকমা নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট শক্তিমান চাকমা হত্যা মামলার অন্যতম প্রধান আসামি। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ কথা জানানো হয়েছে।
আইএসপিআর জানায়, রাঙ্গামাটি জেলার বাঘাইহাট সেনা জোন গতকাল শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে দোপাতা নামক এলাকায় সন্ত্রাসীদের গ্রেফতারের জন্য অভিযান চালায়। ঘটনাস্থলে সন্ত্রাসীরা সেনা সদস্যদের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলিবর্ষণ করে। সেনাবাহিনীর টহল দল তত্ক্ষণাত্ পাল্টা গুলিবর্ষণ করে এবং উভয়পক্ষের মধ্যে আনুমানিক ৪ থেকে ৫ মিনিট গোলাগুলি হয়। সেনা সদস্যদের চাপের মুখে অজ্ঞাত সন্ত্রাসী দল পিছু হটতে বাধ্য হয়। এই গোলাগুলিতে ইউপিডিএফ (মূল) দলের শীর্ষ সন্ত্রাসী সুমন চাকমা নিহত হয়।
আইএসপিআর সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানিয়েছে, অভিযান চলাকালে একাধিক সন্ত্রাসী আহত হয়েছে বলে অনুমান করা যায়। বর্তমানে ঐ স্থানের নিরাপত্তা ব্যবস্থা নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। ভবিষ্যতেও এলাকার শান্তি-শৃঙ্খলা এবং নিরাপত্তা নিশ্চিতকল্পে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে আইএসপিআর জানিয়েছে।
