গাজীপুরে ঝটিকা মিছিলের পর গ্রেপ্তার ৫, পেট্রোল বোমা ও ককটেল উদ্ধার

আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ১৬:১৭

গাজীপুরের কালিয়াকৈরে ঝটিকা মিছিল ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় পাঁচটি পেট্রোল বোমা, পাঁচটি ককটেল ও একটি বিস্ফোরিত পেট্রোল বোমার ভাঙা অংশ উদ্ধারের দাবি করেছে পুলিশ।

বুধবার (১৮ নভেম্বর) কালিয়াকৈর থানার ওসি মো. শহিদুল ইসলাম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার রাত ১০টা ৩৫ মিনিটে উপজেলার সফিপুর পৌরসভার ‘ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের’ সামনে এ ঘটনা ঘটে। পরে সফিপুর ও পল্লী বিদ্যুৎ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের অর্ধশতাধিক নেতাকর্মী রাতে সফিপুর এলাকায় ঝটিকা মিছিল বের করে মহাসড়কে পেট্রোল বোমা নিক্ষেপ করেন। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

গ্রেপ্তাররা হলেন ময়মনসিংহের তারাকান্দা উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল মান্নান (৪৫), সাধারণ সম্পাদক বিপ্লব চৌধুরী (৪৮), কালিয়াকৈরের ৮ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিরাজ হোসেন ইফতি (২১), গাজীপুর জেলা ছাত্রলীগের উপছাত্রবিষয়ক সম্পাদক আশিক হোসেন (২১) এবং কালিয়াকৈরের ৮ নম্বর ওয়ার্ড মহল্লা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাসেম সিকদার (৪৬)। 

পুলিশের তথ্য অনুযায়ী, এ ঘটনায় ১২ জনকে এজাহারভুক্ত আসামি করা হয়েছে। তাদের মধ্যে পাঁচজন গ্রেপ্তার হয়েছেন। বাকি সাতজন পলাতক। এ ছাড়া অজ্ঞাতনামা ৬০ থেকে ৭০ জনকে আসামি করা হয়েছে।

কালিয়াকৈর থানার ওসি মো. শহিদুল ইসলাম জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করা হয়েছে। তাদের আদালতে পাঠিয়ে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

ইত্তেফাক/এপি