যুক্তরাজ্যে বর্তমানে জন্মহার হ্রাস এবং অভিবাসনের যে প্রবণতা চলছে, তা অব্যাহত থাকলে আগামী ২০৬০-এর দশকের শুরুর দিকে শ্বেতাঙ্গ ব্রিটিশরা দেশটিতে সংখ্যালঘু হয়ে পড়তে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন জনসংখ্যাবিদ পল মরল্যান্ড। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য টেলিগ্রাফ’-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, মরল্যান্ড ও ফিলিপ পিলকিংটনের যৌথভাবে লেখা নতুন বই ‘বাস্ট’ (Bust)-এ যুক্তরাজ্যসহ বিশ্বের বিভিন্ন দেশের ক্রমহ্রাসমান জন্মহারের ভয়াবহ প্রভাব তুলে ধরা হয়েছে।
পল মরল্যান্ডের হিসাব অনুযায়ী, যুক্তরাজ্যে বর্তমানে নারীপ্রতি জন্মহার প্রায় ১ দশমিক ৪, যা জনসংখ্যার স্থিতিশীলতা বজায় রাখার আদর্শ হার ২ দশমিক ১-এর চেয়ে অনেক কম। এই ধারা অব্যাহত থাকলে আগামী ৫০ বছরে দেশটির নিজস্ব জনসংখ্যা ৭৫ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে বলে তিনি পূর্বাভাস দিয়েছেন। মরল্যান্ডের মতে, কোনো স্বতন্ত্র জাতিগত গোষ্ঠীর অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে নিজেদের সন্তান জন্মদানের বিকল্প নেই; অন্যথায় মোট জনসংখ্যার অনুপাতে তাদের অংশ কমতেই থাকবে।
জন্মহার কমে যাওয়ার ফলে শুধু জনসংখ্যার চিত্রই বদলাবে না, বরং দেশের প্রচলিত অর্থনৈতিক কাঠামোও ভেঙে পড়তে পারে বলে সতর্ক করেছেন এই জনসংখ্যাবিদ। কর্মক্ষম মানুষের সংখ্যা কমে গেলে শ্রমবাজার সংকুচিত হবে, বিনিয়োগ কমবে এবং সরকারের কর আদায়ের ভিত্তি দুর্বল হয়ে পড়বে। বয়স্ক মানুষের সংখ্যা বাড়লে সরকারের পক্ষে পেনশন ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির ব্যয় বহন করা অসম্ভব হয়ে দাঁড়াবে, যা দীর্ঘমেয়াদে কল্যাণরাষ্ট্রের ধারণাকে হুমকির মুখে ফেলবে।
জনসংখ্যার ঘাটতি পূরণে বিদেশি কর্মী আনার নীতিকে স্থায়ী সমাধান মনে করেন না মরল্যান্ড। তাঁর মতে, অভিবাসীদের জন্মহারও অল্প সময়ের মধ্যে স্থানীয়দের পর্যায়ে নেমে আসে। সমাজে অভিবাসীদের সুষ্ঠুভাবে একীভূত করতে তিনি সীমিত অভিবাসন, সাংস্কৃতিক সাদৃশ্যপূর্ণ দেশ থেকে লোক নেওয়া এবং নিজস্ব জাতীয় পরিচয়ের প্রতি আত্মবিশ্বাস রাখার শর্ত দিয়েছেন।
সংকট মোকাবিলায় আবাসন, শিশুর পরিচর্যার ব্যয় এবং কর্মক্ষেত্রের কাঠামো সংস্কার করে বড় পরিবার গঠনকে উৎসাহিত করার পরামর্শ দিয়েছেন তিনি। যদিও হাঙ্গেরিসহ অনেক দেশে আর্থিক প্রণোদনা দিয়েও জন্মহার কাঙ্ক্ষিত পর্যায়ে বাড়ানো যায়নি। ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শ্রমিকের ঘাটতি কিছুটা মেটাতে পারলেও মানুষের সব ধরনের শারীরিক শ্রমের বিকল্প হতে পারবে কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন এই গবেষক।
