রাজধানীর শাহজাহানপুর, শ্যামপুর ও শেরেবাংলা নগর এলাকায় পৃথক ককটেল বিস্ফোরণ এবং মোহাম্মদপুরে একটি ট্রাকে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা থেকে রাত ১২টা পর্যন্ত চলা এসব ঘটনায় এক নারীসহ অন্তত চারজন আহত হয়েছেন এবং ঘটনাস্থল থেকে একজনকে আটক করেছে পুলিশ। এ ছাড়া রাজধানীর বসুন্ধরা ও উত্তরখান এলাকায় পৃথক অভিযান চালিয়ে ককটেল বিস্ফোরণের প্রস্তুতি ও হামলার অভিযোগে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের দুই নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শাহজাহানপুরের খিলগাঁও রেলগেট কাঁচাবাজারের পাশে খিলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে প্রথম ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম জানান, দুর্বৃত্তরা খিলগাঁও ফ্লাইওভারের ওপর থেকে একটি ককটেল নিক্ষেপ করে। সেটি সড়কে বিস্ফোরিত হলে পাশের চা দোকানি নাসিমা বেগম গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এরপর রাত ৮টা ৪০ মিনিটের দিকে শ্যামপুরের দোলাইরপাড় বাস কাউন্টারের সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। শ্যামপুর থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, এ ঘটনার পরপরই হৃদয় নামের একজনকে হাতেনাতে আটক করে থানায় নেওয়া হয়েছে। তবে আটক ব্যক্তির বিস্তারিত পরিচয় ও বিস্ফোরণের ঘটনায় তাঁর সুনির্দিষ্ট সংশ্লিষ্টতার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
রাত ১০টার দিকে শেরেবাংলা নগর থানার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে আরেকটি ককটেল বিস্ফোরণে তিনজন আহত হন। শেরেবাংলা নগর থানার ওসি মুহাম্মদ শাহিদুল ইসলাম জানান, আহত ব্যক্তিদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে এবং বাকি দুজনকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বিস্ফোরণ ঘটানো দুর্বৃত্তদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।
এদিকে রাত সাড়ে ১১টার দিকে মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকার একটি ট্রাকস্ট্যান্ডের সামনে পার্কিং করে রাখা একটি ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা। সে সময় স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। মোহাম্মদপুর থানার ওসি আবদুল হালিম জানান, ট্রাকস্ট্যান্ডের কারও সঙ্গে অভ্যন্তরীণ শত্রুতার জেরে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। কারণ, স্ট্যান্ডটিতে সাতজন নিরাপত্তাকর্মী দায়িত্বে ছিলেন, ফলে বাইরে থেকে এসে দুর্বৃত্তদের আগুন দেওয়ার সুযোগ ছিল না বলে মনে করছে পুলিশ। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
পৃথক অভিযানে ছাত্রলীগ ও যুবলীগের দুই নেতা-কর্মী গ্রেপ্তার
অন্যদিকে, রাজধানীর বসুন্ধরা ও উত্তরখান এলাকায় অভিযান চালিয়ে ককটেল বিস্ফোরণের প্রস্তুতি ও হামলার অভিযোগে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের দুই নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহসভাপতি মোহাম্মদ দিপু তালুকদারকে (২১) গ্রেপ্তার করে ভাটারা থানা-পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে স্কচটেপে মোড়ানো দুটি তাজা ককটেল উদ্ধার করা হয়।
এ ছাড়া সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উত্তরখানের হেলাল মার্কেট এলাকা থেকে ঢাকা মহানগর উত্তর যুবলীগের ৪৫ নম্বর ওয়ার্ডের সদস্য রবিউল ইসলামকে (৩০) গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের ভাষ্যমতে, গত মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে উত্তরখানের ওজাপাড়া এলাকায় রিপন হোসেনের বাড়ি লক্ষ্য করে ২৫ থেকে ৩০ জনের একটি দল ককটেল নিক্ষেপ করে, যা বাড়ির প্রবেশপথের দেয়ালে লেগে বিস্ফোরিত হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই হামলার ঘটনায় সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ায় রবিউল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।
