কুবি শিক্ষার্থীদের বহনকারী বাসে অগ্নিসংযোগের চেষ্টা

আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ০৫:৪৪

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বেলতলী বিশ্বরোড এলাকায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীদের বহনকারী একটি বাসে অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার (১৮ নভেম্বর) রাত ৯টার দিকে টায়ারে আগুন ধরিয়ে তা বাসটি লক্ষ্য করে নিক্ষেপ করা হয়। তবে জ্বলন্ত টায়ারটি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় এবং চালকের তাৎক্ষণিক পদক্ষেপে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন বাসে থাকা শিক্ষার্থীরা।

বাসে থাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী জানান, মোটরসাইকেলে চড়ে আসা তিন দুর্বৃত্ত এ ঘটনা ঘটিয়েছে। কুমিল্লা শহর থেকে পদুয়ার বাজার হয়ে ক্যাম্পাসে ফেরার পথে বেলতলী এলাকায় পৌঁছানোর আগে সড়কের ওপর কয়েকটি টায়ার পড়ে থাকতে দেখা যায়। বাসটি টায়ারগুলোর কাছাকাছি পৌঁছালে হঠাৎ সেগুলোতে আগুন ধরিয়ে বাসের দিকে ছুড়ে মারা হয়। শিক্ষার্থীদের ধারণা, টায়ারগুলোতে আগে থেকেই তেল বা অন্য কোনো দাহ্য পদার্থ ঢেলে রাখা হয়েছিল।

হঠাৎ জ্বলন্ত টায়ার বাসের সামনে আসতে দেখে চালক দ্রুত ব্রেক কষেন। এতে পেছনে থাকা একটি ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষ হওয়ার উপক্রম হয়েছিল। তবে চালকের দক্ষতা ও দ্রুত পদক্ষেপে বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। এ ঘটনায় কোনো শিক্ষার্থী আহত না হলেও বাসটির সামনের অংশসহ কয়েকটি জায়গা ক্ষতিগ্রস্ত ও বেঁকে গেছে বলে জানা গেছে।

এ বিষয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং সেখানে একটি টায়ারে আগুন জ্বলতে দেখে। আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।

ইত্তেফাক/এনএন