বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেছেন, স্বাধীনতা মানেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এমন বিশাল মাপের এক জন নেতা এখানে জন্মেছিলেন বলেই বাংলাদেশ আজ স্বাধীন। বঙ্গবন্ধু, স্বাধীনতা, বাংলাদেশ—এ শব্দগুলো যেন অঙ্গাঙ্গিভাবে জড়িত। বঙ্গবন্ধু ও বাংলাদেশ অভিন্ন। বাংলাদেশের কথা বলতে গেলে অনিবার্যভাবে এসে যায় বঙ্গবন্ধুর জীবনগাথা। জনগণের স্বার্থের সঙ্গে জড়িত তার ও বাংলাদেশের ইতিহাস। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী উপলক্ষ্যে শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার গাজী অডিটোরিয়ামে তারাবো পৌরসভা আওয়ামী লীগ, সহযোগী ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বস্ত্র ও পাটমন্ত্রী বলেন, ‘বারবার ষড়যন্ত্রের পরও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা বেঁচে আছেন বঙ্গবন্ধুর অসম্পন্ন কাজ সম্পন্ন করার জন্যই। শেখ হাসিনা বিশ্বাস করেন, তিনি তার পিতার রেখে যাওয়া কাজগুলো এমনভাবে সম্পন্ন করবেন, যাতে বাংলাদেশ একটি উন্নত-সমৃদ্ধ দেশ হতে পারে। সে লক্ষ্যেই এগিয়ে চলেছে বাংলাদেশ।’ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগ দেন, রূপগঞ্জ উপজেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি ও তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজী। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান ভুঁইয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, তারাবো পৌরসভা আওয়ামী লীগের সভাপতি মোফাজ্জল হোসেন ভুঁইয়া, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোল্লা প্রমুখ।
