মানিকগঞ্জ পৌরসভার বিভিন্ন সমস্যা তুলে ধরলেন নারীরা

আপডেট : ২৪ আগস্ট ২০১৯, ০০:১৭

মানিকগঞ্জ পৌরসভার বিভিন্ন সমস্যা তুলে ধরলেন নারীরা। বৃহস্পতিবার জেলা নাগরিক ও পেশাজীবী ঐক্যপরিষদ ও পৌর নাগরিক অধিকার বাস্তবায়ন পরিষদের আয়োজনে শহরের হিজুলী অস্থায়ী কার্যালয়ে কেন্দ্রীয় মহিলা কমিটি গঠনকল্পে অনুষ্ঠিত এক সাধারণ সভায় নারীরা এসব সমস্যা তুলে ধরেন এবং সমস্যাগুলো সমাধান না করায় পৌর  মেয়র গাজী কামরুল হুদা সেলিমের সমালোচনা করেন।

নারীরা বলেন, মানিকগঞ্জ বিনোদনের জন্য নেই কোনো স্বয়ংসম্পূর্ণ শিশু পার্ক। প্রথম শ্রেণির পৌরসভা হলেও এখানকার মানুষ সকল প্রকার নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। শহরের মাঝ দিয়ে বয়ে যাওয়া খালটি সারাবছরই নোংরা অবস্থায় থাকে। পৌরসভার বেশিরভাগ রাস্তা খানাখন্দকে ভরা। যানজট এখন নিত্যদিনের সঙ্গী। একটি অ্যাম্বুলেন্সও না থাকায় এখনো ময়লা ফেলার গাড়ি দিয়ে লাশ কবরস্থানে নিতে হয়। অচল স্থবির পৌরসভাকে দুর্নীতিমুক্ত স্বচ্ছ ও জবাবদিহিতামূলক পৌরসভায় উন্নীত করে পৌরবাসীর ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে জেলা নাগরিক ও পেশাজীবী ঐক্যপরিষদ এবং পৌর নাগরিক অধিকার বাস্তবায়ন পরিষদ সম্মিলিতভাবে এই সাধারণ সভার আয়োজন করে। পৌর এলাকার প্রায় দুই হাজার নারী সভায়  যোগদান করেন।

সাধারণ সভার সভাপতি জেলা নাগরিক ও পেশাজীবী ঐক্যপরিষদের সভাপতি এবং জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান বলেন,আমি আসন্ন পৌর নির্বাচনে মেয়র পদে নির্বাচিত হলে পৌর নাগরিকদের সকল প্রকার সুবিধা প্রদানসহ মানিকগঞ্জকে একটি আধুনিক মডেল পৌরসভায় রূপান্তর করা হবে।

সভায় পৌর নাগরিক অধিকার বাস্তবায়ন মহিলা পরিষদের কমিটিকে অনুমোদন দেওয়া হয়। পশ্চিম সেওতা ১ নম্বর ওয়ার্ডের শুভ্রা খান মজলিশকে সভাপতি এবং ৬ নম্বর ওয়ার্ডের শিরিন আক্তারকে সম্পাদক নির্বাচিত করে ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।