রাজশাহীতে বিআরটিসির দুটি বাস ও রেললাইনে আগুন

আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ১০:৫২
রাজশাহী মহানগরীর নওদাপাড়া এলাকায় বিআরটিসি বাস ডিপোতে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে ডিপোতে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন ধরে যায়। এর আগে জেলার চারঘাট উপজেলায় রেললাইনে আগুন দেওয়ার ঘটনা ঘটে, তবে স্থানীয় বাসিন্দাদের তাৎক্ষণিক তৎপরতায় বড় ধরনের ট্রেন দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত তিনটার দিকে নওদাপাড়ার বিআরটিসি ডিপোতে এ হামলার ঘটনা ঘটে। ডিপোর চালক ও হেলপাররা জানান, মধ্যরাতে ডিপোর পাশের সড়ক দিয়ে একটি মিছিল চলে যায়। এর কিছুক্ষণ পরই বিকট শব্দে বোমা বিস্ফোরণ ঘটে। শব্দ শুনে তারা বাইরে বেরিয়ে এসে দাঁড়িয়ে থাকা একটি বাসে দাউদাউ করে আগুন জ্বলতে দেখেন। তাৎক্ষণিকভাবে তারা নিজেরা আগুন নেভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন।

রাজশাহীর নওহাটা ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর নিরঞ্জন সরকার জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে প্রথম বাসটির ওপরের অংশ সম্পূর্ণ পুড়ে গেছে এবং ভেতরের বসার আসন, আসনের কভার, ফ্যান, পর্দা ও বডি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মূলত ওই বাসটি থেকেই পাশের আরেকটি বাসে আগুন ছড়িয়ে পড়লে সেটিরও কিছু অংশ পুড়ে যায়।

এ বিষয়ে শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী বলেন, আমরা ধারণা করছি ডিপোতে একটিই পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে। প্রথমে একটি বাসে আগুন ধরে এবং সেখান থেকে পাশের আরেকটি বাসে আগুন ছড়িয়ে পড়ে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চারঘাটে রেললাইনে আগুন, স্থানীয়দের তৎপরতায় রক্ষা পেল ট্রেন

অন্যদিকে, বুধবার (১৮ নভেম্বর) রাত সোয়া ১১টার দিকে রাজশাহীর চারঘাট উপজেলার নিমপাড়া ইউনিয়নের বাগমারী গ্রামে রেললাইনে আগুন দেয় দুর্বৃত্তরা। প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্বৃত্তরা রেললাইনে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে গেলে স্থানীয় বাসিন্দাদের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ সময় স্থানীয় লোকজন ও বিএনপির নেতাকর্মীরা রেললাইনে লাল কাপড় বেঁধে অবস্থান নেন।

তাদের এমন সতর্কতামূলক তৎপরতায় সিরাজগঞ্জ থেকে ছেড়ে আসা রাজশাহীগামী একটি লোকাল মেইল ট্রেন ঘটনাস্থলের আগেই থেমে যায় এবং বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায়। পরে রাত ১২টা ৫ মিনিটের দিকে ট্রেন চলাচল পুনরায় স্বাভাবিক হয়।
রাজশাহীর চারঘাটে রেললাইনে আগুন দেওয়ার ঘটনা ঘটে। ছবি: সংগৃহীত রাজশাহীর চারঘাটে রেললাইনে আগুন দেওয়ার ঘটনা ঘটে। ছবি: সংগৃহীত

পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক আহম্মেদ হোসেন মাসুম জানান, এ ঘটনায় প্রায় আধা ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। প্রাথমিকভাবে রেললাইনের কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। তবে লাইনে কোনো কারিগরি ত্রুটি বা ক্ষতি হয়েছে কি না, তা খতিয়ে দেখতে প্রকৌশলীদের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/আইএ