স্ত্রীকে ছুরিকাঘাত করায় স্বামীকে গণধোলাই দিয়ে পুলিশে

আপডেট : ২৪ আগস্ট ২০১৯, ০০:১৮

সিদ্ধিরগঞ্জে স্ত্রীকে ছুরিকাঘাত করায় স্বামী সোহাগকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। শুক্রবার দুপুরে মিজমিজি পূর্বপাড়া পাগলাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত স্ত্রী মুন্নি আক্তারকে (২৮) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। পারিবারিক কলহের জের ধরে সোহাগ এ ঘটনা ঘটিয়েছে বলে পুলিশ ধারণা করছে।

জানা যায়, সোহাগ (৩৫) স্ত্রী-সন্তান নিয়ে হালিম মোল্লার বাড়িতে ভাড়া থাকতেন। ঘটনার দিন দুপুরে স্বামী-স্ত্রীর ঝগড়ার একপর্যায়ে সোহাগ তার স্ত্রীর পেটে ছুরিকাঘাত করে। এ সময় স্ত্রীর চিত্কার শুনে এলাকাবাসী সোহাগকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ সোহাগকে আটক করে থানায় নিয়ে যায়। আটক সোহাগ কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার ফজলুর রহমানের ছেলে।