নারায়ণগঞ্জের আড়াইহাজারে ৯০ বছরের এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে প্রতিপক্ষের লোকেরা। শুক্রবার বিকালে উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের মধ্যারচর গ্রামে এ ঘটনা ঘটে। আহত বৃদ্ধের নাম হাজী ওমর আলী। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনার সময় বৃদ্ধের বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করা হয় বলেও অভিযোগ পাওয়া গেছে।
আহত বৃদ্ধের ছেলে সূর্য মিয়া জানান, পূর্বশত্রুতার জের ধরে একই গ্রামের হযরত আলীর ছেলে কবির, হাজী মিয়ার ছেলে বাবুল ও কামালসহ সাত-আট জন ওমর আলীর বাড়িতে গিয়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করে। মুমূর্ষু অবস্থায় ওমর আলীকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার অবস্থা গুরুতর দেখে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম জানান, এ বিষয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।
