বাগেরহাট জেলা বিএনপির সদস্য মনিরুল হক ফরাজিকে অপহরণের অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে খুলনা-মাওয়া মহাসড়কের ঘোনাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
এ সময় তার সঙ্গে থাকা বিএনপি নেতা মো. শেখ মঈন উদ্দিন আহমেদ ময়েন ও গাড়িচালক হাসান অনেক কষ্টে নিরাপদ স্থানে পৌঁছান। অপহরণের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করেছেন ঘটনার প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী বিএনপি নেতা শেখ মঈন উদ্দিন আহমেদ ময়েন।
তিনি বলেন, ‘আমরা একটি প্রাইভেটকারে করে ঢাকা থেকে বাগেরহাটের উদ্দেশে যাচ্ছিলাম। খুলনা-মাওয়া মহাসড়কের ঘোনাপাড়া এলাকায় কয়েকটি স্থানে গাছের গুঁড়ি ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। অনেক চেষ্টার পর ঘোনাপাড়া এলাকায় পৌঁছালে অস্ত্রধারী একদল লোক আমাদের গাড়ির গতিরোধ করে এবং ভাঙচুর শুরু করে। তারা আমাদের মারধর করে এবং সঙ্গে থাকা নগদ টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেয়।’
শেখ মঈন উদ্দিন আহমেদ আরও জানান, একপর্যায়ে তাকে ও গাড়িচালক হাসানকে ছেড়ে দেওয়া হলেও মনিরুল হক ফরাজিকে আটকে রাখে হামলাকারীরা। মনিরুলের মুঠোফোনে প্রধানমন্ত্রীর ছবিসহ দলীয় কার্যক্রমের ছবি দেখতে পেয়ে হামলাকারীরা তাকে লক্ষ্য করে বিএনপি-বিএনপি বলে চিৎকার করতে থাকে। পরে তাকে ধরে নিয়ে যায়। প্রাণ বাঁচাতে তারা দুজন গাড়ি ফেলে সেখান থেকে চলে আসেন।
মঈন উদ্দিন আহমেদ আরও বলেন, ‘বর্তমানে আমি মোল্লাহাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ হারুন অর রশীদের কার্যালয়ে অবস্থান করছি। বিষয়টি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে এবং পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে। দলীয়ভাবেও তাকে উদ্ধারের চেষ্টা চলছে। একটি সূত্রে জেনেছি, আমাদের গাড়িটি সড়কের এক পাশে পড়ে আছে। তবে এখনও আমরা সেখানে পৌঁছাতে পারিনি।’
এ বিষয়ে বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক এ টি এম আকরাম হোসেন তালিম বলেন, ‘ময়েনের মাধ্যমে আমরা মনিরুল হক ফরাজিকে অপহরণের বিষয়টি জেনেছি। অপহরণের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত। আমরা তাকে উদ্ধারে প্রশাসনের পাশাপাশি দলীয়ভাবে চেষ্টা চলছে এবং বিষয়টি সবাইকে জানানো হয়েছে।’
এ বিষয়ে জানতে চাইলে বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম বলেন, নিখোঁজ মনিরুল হক ফরাজীকে উদ্ধারে পুলিশ কাজ শুরু করেছে।
