নারায়ণগঞ্জ শহরের তাঁতীপাড়ায় সোলেমান হোসেন অপু (২৮) নামের এক যুবক খুন হয়েছে। অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে ঐ ঘটনা ঘটে। নিহত অপু বাবুরাইল এলাকার আজিজ মিয়ার বাড়ির ভাড়াটিয়া রমজান মিয়ার ছেলে।
পরিবারের লোকজন জানায়, অপু বাবুরাইল এলাকার কাশেম ডেকোরেটরের বৈদ্যুতিক মিস্ত্রি। গতকাল শুক্রবার রাতে বাসা থেকে বের হয়ে তাঁতীপাড়া এলাকায় যায় অপু। ঐ সময়ে অজ্ঞাত লোকজন তাকে ছুরিকাঘাত করে। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় ১০০ শয্যা বিশিষ্ট নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু ঘটে।
ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন জানান, কী কারণে কারা তাকে হত্যা করেছে সেটা খতিয়ে দেখা হচ্ছে। পরিবারের লোকজন কোনো ক্লু জানাতে পারেনি। বিষয়টির তদন্ত চলছে।
