ফরিদপুরে একটি গাড়ি পোড়ালে কার্যক্রম নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের ১০টি বাড়ি পুড়িয়ে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জেলা বিএনপির সদস্যসচিব একেএম কিবরিয়া স্বপন। এ ঘটনার জন্য কেউ দায়ী থাকবে না বলেও তিনি মন্তব্য করেন। ফরিদপুরের ভাঙ্গায় কৃষকদল নেতা রাজু মোল্যাকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচিতে এ মন্তব্য করেন তিনি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় ফরিদপুর প্রেসক্লাব চত্ত্বরে জেলা কৃষকদল ও মহানগর কৃষকদলের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। পরে বিক্ষোভ মিছিল বের করে শহরের জনতা ব্যাংকের মোড়ে গিয়ে শেষ করেন। এ সময় নেতাকর্মীরা ভাঙ্গা উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক রাজু মোল্যা হত্যার বিচারের দাবি জানান।
মিছিলের আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন একেএম কিবরিয়া স্বপন। এ সময় তিনি কার্যক্রম নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ নেতাদের হুঁশিয়ারি দিয়ে বলেন, এই গণতান্ত্রিক সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য প্রশাসনের ঘরের ভেতরে এবং বাইরে নানা প্রকার ষড়যন্ত্র হচ্ছে। যার ধারাবাহিকতায় আমরা লক্ষ্য করেছি, গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও মুকসুদপুরে থানা পোড়ানো হয়েছে, দেশের বিভিন্নস্থানে চোরাগোপ্তা হামলা হচ্ছে। ভাঙ্গায় কৃষকদলের নেতা ও নড়াইলে কৃষকদলসহ দুজনকে হত্যা করা হয়েছে। বিভিন্ন জায়গায় গাড়ি ভাঙচুর ও পুড়িয়ে দেওয়া হচ্ছে।
তিনি বলেন, এখানে যারা আওয়ামী লীগের গোয়েন্দা সংস্থার লোক আছেন, আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই- ফরিদপুরে যদি কোনো ভাঙচুর ও পুড়িয়ে দেওয়া হয়, আমরা কিন্তু আওয়ামী লীগের বাড়িঘর পুড়িয়ে দেব। একটা গাড়ি পোড়ালে আমরা আওয়ামী লীগের ১০টা বাড়ি পুড়িয়ে দেব। এ দায়দায়িত্ব তখন আমাদের থাকবে না।
এ সময় মহানগর কৃষকদলের সভাপতি অ্যাডভোকেট মামুন অর রশিদের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন, জেলা শাখার ভারপ্রাপ্ত আহ্বায়ক শহিদুল ইসলাম শহিদ, সাধারণ সম্পাদক মো. মুরাদ হোসেনসহ অনেকে।
প্রসঙ্গত, গত ১৭ নভেম্বর রাতে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গায় উপজেলার হামিরদি ইউনিয়নের মাধবপুর এলাকায় হামলা চালিয়ে রাজু মোল্যাকে হত্যা করেন কার্যক্রম নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা। ওই সময় ইউনিয়ন বিএনপির কার্যালয় ভাঙচুর ও চারটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়ারও ঘটনা ঘটে।
