গোপালগঞ্জ হয়ে চলছে না কোনো ট্রেন

আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ২২:২৩

গোপালগঞ্জে থানা এবং সংসদ সদস্যদের বাড়িতে অগ্নিসংযোগসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মহড়া ও হুমকির প্রেক্ষাপটে জেলার সব ধরনের ট্রেন চলাচল সাময়িক বন্ধ করে দেওয়া হয়েছে। নিরাপত্তাজনিত কারণে গোপালগঞ্জ হয়ে খুলনামুখী ট্রেনের চলাচলও স্থগিত রাখা হয়েছে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, আন্তনগর, কমিউটার ও লোকাল মিলিয়ে মোট চারটি ট্রেনের চলাচল বন্ধ রাখা হয়েছে, যেগুলো প্রতিদিন একাধিকবার যাতায়াত করত।

রূপসী বাংলা এক্সপ্রেস: খুলনা-ঢাকা-গোপালগঞ্জ-বেনাপোল রুটে চলাচলকারী এই আন্তনগর ট্রেনটি বুধবার ঢাকা থেকে বেনাপোল যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গা স্টেশনে আটকা পড়ে। গোপালগঞ্জ ও নড়াইল অংশে নিরাপত্তা ঝুঁকির কারণে বৃহস্পতিবার থেকে ট্রেনটির চলাচল বন্ধ রাখা হয়েছে।

টুঙ্গিপাড়া এক্সপ্রেস: চাঁপাইনবাবগঞ্জ থেকে পাবনা ও রাজবাড়ী হয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়াগামী এই ট্রেনটি বুধবার রাজবাড়ীর কালুখালী পর্যন্ত গিয়ে আর এগোতে পারেনি। কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, আপাতত ট্রেনটি শুধু চাঁপাইনবাবগঞ্জ থেকে কালুখালী পর্যন্ত চলাচল করবে।

অভিযাত্রী কমিউটার: গত ১০ আগস্ট চালু হওয়া ঢাকা-গোপালগঞ্জ রুটের এই ট্রেনটি বুধবার যাত্রীদের অনুরোধে কাশিয়ানী পর্যন্ত গিয়ে ঢাকায় ফিরে আসে। নিরাপত্তার স্বার্থে বৃহস্পতিবার ট্রেনটির যাত্রা সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে।

রাজবাড়ী-গোবরা লোকাল ট্রেন: রাজবাড়ী থেকে কালুখালী হয়ে গোপালগঞ্জের গোবরা পর্যন্ত চলাচলকারী লোকাল ট্রেনটিও আপাতত গোবরা যাবে না; এটি কালুখালী থেকেই ফিরে আসবে।

রেলওয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, গোপালগঞ্জের বিভিন্ন রেলস্টেশনে এসে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা স্টেশন কর্মকর্তাদের হুমকি দিচ্ছেন। ট্রেন ও যাত্রীদের সার্বিক নিরাপত্তার কথা বিবেচনা করে এবং স্থানীয় স্টেশন কর্মকর্তাদের অনুরোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় ট্রেন চলাচল শুরু হবে।

উল্লেখ্য, বুধবার সন্ধ্যার পর গোপালগঞ্জ শহরের বিভিন্ন সড়কে দেশীয় অস্ত্র হাতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা মহড়া দেয় এবং একটি হাসপাতালে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ ছাড়া বৃহস্পতিবারও মুকসুদপুর থানায় আগুন এবং বিএনপির সংসদ সদস্য সেলিমুজ্জামানের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

ইত্তেফাক/এএম