ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক অনুষ্ঠানে নিজের কাছে ঘুষের প্রস্তাব আসার ঘটনা তুলে ধরেছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা। পাশাপাশি কুষ্টিয়া সদরে চাঁদাবাজি এবং রাষ্ট্রের বিভিন্ন খাতে দুর্নীতির চিত্রও তুলে ধরেন তিনি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ইসলামী বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আয়োজিত ‘নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম-২০২৬’ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
ঘুষের প্রস্তাবের অভিজ্ঞতা বর্ণনা করে মুফতি আমির হামজা বলেন, ‘আমার কাছে সন্ত্রাসী টাইপের একজন রাতের বেলা এসে বলে— আপনি তো আলেম মানুষ, বেশি না, দুই টাকা করে খাবেন। হিসাব করলে বছরে প্রায় ৪৮ থেকে ৫০ কোটি টাকার মতো ওই জায়গা থেকে আসবে। কুষ্টিয়া সদরে এ রকম ৩৩টি জায়গা রয়েছে, যেখানে চাঁদাবাজি চলে।’
দুর্নীতিমুক্ত প্রশাসনের ওপর গুরুত্বারোপ করে এই সংসদ সদস্য বলেন, ‘বাংলাদেশকে সত্যিকার অর্থে মালয়েশিয়া কিংবা সিঙ্গাপুরের মতো উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হলে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদগুলোতে দুর্নীতিমুক্ত মানুষকে দায়িত্ব দিতে হবে। কিন্তু বর্তমানে দায়িত্বশীল ব্যক্তিদের দুর্নীতির কারণে কাঙ্ক্ষিত কোনো ফলাফল পাওয়া যাচ্ছে না।’
মৎস্য খাতে অনিবন্ধিত ট্রলার ও রাজস্ব ক্ষতির প্রসঙ্গ টেনে আমির হামজা আরও বলেন, ‘বর্তমানে মাছ ধরার জন্য প্রায় ৩০ হাজার ট্রলার সমুদ্রে যায়। অথচ নিবন্ধিত ট্রলারের সংখ্যা মাত্র ৮ হাজার। বাকি ২২ হাজার ট্রলার নিবন্ধনের বাইরে রয়েছে। ফলে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। সংশ্লিষ্ট দায়িত্বে থাকা ব্যক্তিদের ওপর থেকে নিচ পর্যন্ত দুর্নীতির কারণেই এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।’
