চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিমকে হোয়াটসঅ্যাপে প্রাণনাশ ও পরিবারের সদস্যদের ক্ষতি করার হুমকি দেওয়া হয়েছে। অজ্ঞাত একটি বিদেশি নম্বর থেকে পাঠানো বার্তায় তাকে গ্রেপ্তার অভিযান বন্ধ করারও হুঁশিয়ারি দেওয়া হয়। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।
জিডি সূত্রে জানা গেছে, গত ১৮ নভেম্বর রাত ৮টা ৫৩ মিনিটের পর থেকে বিভিন্ন সময়ে জোরারগঞ্জ থানার ওসির সরকারি মোবাইল নম্বরে (০১৩২০-১০৭৫৭৪) হোয়াটসঅ্যাপে ‘+২৭৭৩৬৩৫৬৪২৩’ নম্বর থেকে একাধিক হুমকিমূলক বার্তা পাঠানো হয়।
বার্তাগুলোতে ইংরেজি ও বাংলায় ভয়ভীতি প্রদর্শন করা হয়। ইংরেজিতে পাঠানো বার্তায় বলা হয়, ‘We are worry about your family’ এবং ‘If u keep on doing what you did we will take action very soon’। বাংলায় পাঠানো বার্তায় বলা হয়, ‘পরিবার শেষ করে দেবো। বংশ শেষ করে দেবো’, ‘আজকের পর থেকে কোনো ছাত্রলীগের নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হলে খবর আছে’।
এ ছাড়া ওসিকে উদ্দেশ করে বার্তায় বলা হয়, ‘তুই যদি তোর চিন্তা করিস, জোরারগঞ্জ থানার কথা চিন্তা করিস, তোর জীবনের কথা চিন্তা করিস, গ্রেপ্তার করা থেকে বিরত থাকিস। না হলে রক্ষা নেই।’ আরেকটি বার্তায় হুমকি দিয়ে লেখা হয়, ‘এটাই শেষ কথা। কাফনের কাপড় রেডি রাখিস, না হলে রাস্তায় পড়ে থাকবি।’
এসব হুমকির ঘটনায় পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোহাম্মদ আব্দুল হালিম বাদী হয়ে ১৮ নভেম্বর জোরারগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি নম্বর ৯০৪) করেন।
ওসি মোহাম্মদ আব্দুল হালিম বলেন, জোরারগঞ্জ থানা পুলিশের নিয়মিত অভিযানে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ও মাদক সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেপ্তার করা হচ্ছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন মামলার আসামি এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের অনেক সদস্যকেও গ্রেপ্তার করা হয়েছে। এ কারণে এমন হুমকি আসতে পারে বলে তিনি ধারণা করছেন।
তিনি আরও বলেন, হুমকিদাতার নম্বর শনাক্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
প্রসঙ্গত, জোরারগঞ্জ থানায় যোগদানের পর বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ও নিয়মিত মামলার আসামি গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী মামলার আসামি গ্রেপ্তার এবং দ্রুত তদন্ত শেষে অভিযোগপত্র দেওয়ার ক্ষেত্রে ভূমিকার জন্য চট্টগ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে একাধিকবার শ্রেষ্ঠ কর্মকর্তা হিসেবে পুরস্কৃত হয়েছেন মোহাম্মদ আব্দুল হালিম।
