সিরাজগঞ্জের বেলকুচিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় স্বেচ্ছাসেবক শক্তির আহ্বায়ক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মো. মাহিন সরকারের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে। এতে বাড়ির প্রবেশ গেটে আগুন ধরে যায়। পরে স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণে আনেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাতে বেলকুচি পৌর এলাকার শেরনগর পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার সময় মাহিন সরকার ঢাকায় অবস্থান করছিলেন। বাড়িতে তার অসুস্থ বাবা ও মা ছিলেন।
মাহিন সরকার বলেন, বাড়ির প্রবেশগেটে দাউ দাউ করে আগুন জ্বলছিল। পরে স্থানীয় বাসিন্দারা গিয়ে আগুন নেভান। বাড়ির ভেতরে পেট্রোল বোমা নিক্ষেপের চেষ্টা করা হলেও সেটি দেয়ালে লেগে প্রবেশগেটে আগুন ধরে যায়।
এ ঘটনার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে দায়ী করে তিনি বলেন, বিভিন্ন অনলাইন মাধ্যমসহ নানা উপায়ে তাকে হুমকি দেওয়া হচ্ছিল। এরই ধারাবাহিকতায় এ ঘটনা ঘটানো হয়েছে বলে তিনি মনে করেন।
মাহিন সরকার আরও জানান, বিষয়টি বেলকুচি থানার ওসিকে জানিয়েছেন। ওসি ঘটনাস্থলে পুলিশ পাঠানোর কথা জানিয়েছেন।
বেলকুচি থানার ওসি মো. মুক্তারুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সেখানে কে বা কারা পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। প্রতিবেশীরা এগিয়ে এসে আগুন নিভিয়ে ফেলে। তবে এ ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। ঘটনায় জড়িতদের শনাক্তে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
