দেশের উদ্ভূত পরিস্থিতিতে পাকিস্তানের প্রখ্যাত আলেম শায়খুল ইসলাম মুফতি মুহাম্মদ তাকি উসমানির বাংলাদেশ সফর স্থগিত করা হয়েছে। আগামী ২২ নভেম্বর থেকে সাত দিনের সফরে দেশের বিভিন্ন স্থানের ইসলামী সম্মেলনে তার অংশগ্রহণের কথা ছিল।
শুক্রবার (২০ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মুফতি মিজানুর রহমান সাঈদ।
তিনি বলেন, আমাদের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছিল। ধর্ম মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমরা যথেষ্ট সহযোগিতা পেয়েছি। তবে সব সফরসঙ্গীর এনওসি হয়ে গেলেও মুফতি তাকি উসমানির এনওসি গতকাল পর্যন্ত হয়নি।
পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানা যায়, বর্তমানে হঠাৎ কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছে বাংলাদেশ। সারা দেশে অরাজকতা চলছে। এ পরিস্থিতি মোকাবেলায় সরকার কাজ করছে। এমন পরিস্থিতিতে মুফতি তাকি উসমানিকে দেশে না এনে কিছুদিন পর আনা হোক।
মুফতি মিজানুর রহমান আরও বলেন, বিষয়টি মেনে নেওয়া আমার জন্য কঠিন ছিল। এরপরও আমি অনেক চেষ্টা করি। আমি ভেবেছিলাম, আজকের মধ্যে সবকিছু ঠিক হয়ে যাবে এবং এনওসি দেওয়া হবে। কিন্তু মুফতি তাকি উসমানির কাছে একটি বার্তা পাঠানোর পর তিনি জানিয়েছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় যেহেতু আমার বর্তমান সময়ে আমার আগমন নিরাপদ মনে করছে না, তাই আমি আমার বাংলাদেশ সফর স্থগিত করলাম।
এর আগে গত ১১ নভেম্বর রাজধানীর কুড়িলের শায়খ জাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের প্রতিষ্ঠাতা মুফতি মিজানুর রহমান সাঈদ এক বিজ্ঞপ্তিতে মুফতি তাকি উসমানির বাংলাদেশ সফরের চূড়ান্ত সূচি প্রকাশ করেছিলেন।
সফরসূচি অনুসারে, আগামী ২৭ নভেম্বর (শুক্রবার) মুফতি তাকি উসমানির জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার আগে বয়ান করার কথা ছিল।
