চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে বহনকারী বিমান ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী বিলকিস আক্তার ও বড় ছেলে খন্দকার মাহবুব হোসেন তুষার। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত ৫ নভেম্বর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিঙ্গাপুর যান ড. খন্দকার মোশাররফ হোসেন। ১৫ নভেম্বর নির্ধারিত ফ্লাইটে দেশে ফেরার কথা থাকলেও বিমানবন্দরে যাওয়ার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে নেওয়া হয় এবং পুনরায় ভর্তি করা হয়। চিকিৎসকদের পরামর্শে সেখানে অবস্থান করে চিকিৎসা নেন তিনি।
উল্লেখ্য, ২০২৩ সালে সিঙ্গাপুরের একই হাসপাতালে ড. খন্দকার মোশাররফ হোসেনের মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা) আসন থেকে পঞ্চমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। এর আগে ১৯৯১, ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি ও ১২ জুন এবং ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।
বিভিন্ন সময়ে একাধিক মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন। চারদলীয় জোট সরকারের আমলে স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী থাকাকালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) চেয়ারম্যান নির্বাচিত হন তিনি।
