রোহিঙ্গাদের ন্যায়বিচারে মিয়ানমারের গণহত্যার রায় ‘টার্নিং পয়েন্ট’: ভলকার তুর্ক

আপডেট : ২০ নভেম্বর ২০২৬, ২৩:২৭

রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে ২০১৭ সালে রোহিঙ্গা মুসলিমদের ওপর গণহত্যার ঘটনায় মিয়ানমারকে দায়ী করে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া ঐতিহাসিক রায়কে রোহিঙ্গাদের ন্যায়বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে ‘টার্নিং পয়েন্ট’ বা মোড় পরিবর্তনের ঘটনা হিসাবে দেখার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক প্রধান ভলকার তুর্ক।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এক বিবৃতিতে তিনি আইসিজের রায়কে স্বাগত জানান এবং দ্রুত তা বাস্তবায়নের পাশাপাশি অপরাধীদের দায়মুক্তির অবসান ঘটানোর আহ্বান জানান। খবর আনাদোলু এজেন্সির।

বিবৃতিতে ভলকার তুর্ক বলেন, আন্তর্জাতিক বিচার আদালতের এই রায়ে অত্যন্ত স্পষ্টভাবে সিদ্ধান্ত দেওয়া হয়েছে যে, মানবজাতির ইতিহাসের অন্যতম জঘন্য অপরাধের জন্য মিয়ানমার রাষ্ট্র নিজেই দায়ী।

তিনি বলেন, রোহিঙ্গা এবং মিয়ানমারের সব মানুষের ন্যায়বিচার নিশ্চিত করার ক্ষেত্রে এই রায়কে একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে বিবেচনা করতে হবে। একই সঙ্গে রাখাইন রাজ্যে চলমান গুরুতর মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের ঘটনায় দায়মুক্তির অবসান ঘটানোর অর্থবহ প্রক্রিয়া শুরুর সুযোগ হিসেবেও একে কাজে লাগাতে হবে।

জাতিসংঘের এই মানবাধিকারপ্রধান মিয়ানমারকে জাতিসংঘের সর্বোচ্চ আদালতের নির্দেশিত প্রতিকারমূলক পদক্ষেপগুলো দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান। পাশাপাশি দেশটিতে সামরিক সরঞ্জাম সরবরাহ বন্ধ করতে অন্যান্য রাষ্ট্রের প্রতি আহ্বান জানান তিনি।

ভলকার তুর্ক বলেন, ‘মিয়ানমারের জনগণের বিরুদ্ধে ভয়াবহ অপরাধ সংঘটনে এখনো ব্যবহার করা হচ্ছে—এমন সামরিক সরঞ্জাম, জেট ফুয়েল এবং অন্যান্য দ্বৈত ব্যবহারযোগ্য সরঞ্জাম সরবরাহ অবিলম্বে বন্ধ করতে হবে।’

রোহিঙ্গা শরণার্থীদের জন্য ক্ষতিপূরণ ও মানবিক সহায়তা কর্মসূচিতে আন্তর্জাতিক সমর্থন বাড়ানোর ওপরও গুরুত্ব দেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক প্রধান। একই সঙ্গে পরিস্থিতি অনুকূলে আসার আগেই রোহিঙ্গাদের প্রত্যাবাসনের উদ্যোগ না নেওয়ার বিষয়ে সতর্ক করেন তিনি।

তুর্ক বলেন, ‘নিরাপদ ও টেকসই প্রত্যাবর্তনের উপযোগী পরিবেশ তৈরি না হওয়া পর্যন্ত রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরানো যাবে না।’

এ ছাড়া মিয়ানমারের কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনা এবং রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জবাবদিহি নিশ্চিত করতে প্রচেষ্টা জোরদার করার জন্য বিভিন্ন দেশের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

 
ইত্তেফাক/এমএসআর