ভোটার তালিকা সংশোধনের নামে টার্গেট করে মুসলিমদের বাদ দিচ্ছে ভারত: মার্কিন কমিশন

আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ০০:২৬

ভারতে ভোটার তালিকা সংশোধনের (এসআইআর) নামে ধর্মীয় সংখ্যালঘু বিশেষ করে মুসলিম নাগরিকদের লক্ষ্যবস্তু বানানোর প্রবণতা আশঙ্কাজনকভাবে বেড়েছে বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতাবিষয়ক কমিশন (ইউএসসিআইআরএফ)। দেশজুড়ে পরিচালিত এই প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে প্রায় ১৩ কোটি মানুষের নাম বাদ পড়েছে, যা মেক্সিকোর মোট জনসংখ্যার প্রায় সমান।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এক বিবৃতিতে মার্কিন এই কমিশন জানায়, ভারতের ইতিহাসে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার এটিই সবচেয়ে বড় ঘটনা। কমিশনের চেয়ারম্যান আসিফ মাহমুদ অভিযোগ করেন, ভারত সরকার মুসলিম নাগরিকদের ভোটার তালিকা থেকে বাদ দিয়ে তাদের ‘বিদেশি’ হিসেবে চিহ্নিত করছে এবং পরবর্তী সময়ে অবৈধভাবে দেশ থেকে বের করে দিচ্ছে।

মুসলিমদের নাম বাদ পড়ার অভিযোগ

বিভিন্ন তথ্য-উপাত্ত ও মানবাধিকার সংগঠনগুলোর পর্যবেক্ষণে দেখা গেছে, ভোটার তালিকা সংশোধনের এই প্রক্রিয়ায় ভারতের বৃহত্তম ধর্মীয় সংখ্যালঘু মুসলিমদের নাম তুলনামূলকভাবে অনেক বেশি বাদ পড়েছে। মানবাধিকার সংগঠনগুলোর ভাষ্য, ২০১৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন হিন্দুত্ববাদী ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ক্ষমতায় আসার পর থেকেই মুসলিমরা পরিকল্পিত বর্জনমূলক নীতি ও ক্রমবর্ধমান বৈষম্যের শিকার হচ্ছেন।

যদিও ভারতের নির্বাচন কমিশন দাবি করেছে, কেবল মৃত ব্যক্তি, স্থানান্তরিত ব্যক্তি, একই ব্যক্তির একাধিক নাম এবং ভোট দেওয়ার অযোগ্য ব্যক্তিদের নামই তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে এবং কারও নাম ভুলবশত বাদ পড়লে আপিল করার সুযোগ রয়েছে। তবে বাস্তবে এই তালিকা সংশোধন প্রক্রিয়াটি অবৈধ অভিবাসী শনাক্ত করে দেশ থেকে বের করে দেওয়ার পৃথক অভিযানের সঙ্গে জড়িয়ে পড়েছে।যদিও ভোটার তালিকা থেকে কারও নাম বাদ পড়লেই তিনি বিদেশি, এমনটা প্রমাণিত হয় না।

ইউএসসিআইআরএফ-এর সদস্য জিন মিলস গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, ভারত সরকার নিজ দেশের নাগরিক হওয়া সত্ত্বেও মুসলিম ধর্মাবলম্বীদের নিশানা করে তাদেরই দেশ থেকে বের করে দেওয়ার ঘটনা এক ভয়াবহ মাত্রা যোগ করেছে। এ প্রেক্ষিতে ভারতকে ‘বিশেষ উদ্বেগের দেশ’ (কান্ট্রি অব পার্টিকুলার কনসার্ন) হিসেবে ঘোষণা করার জন্য মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন তিনি।

ভারতের সমালোচনা, যুক্তরাষ্ট্রের অবস্থান

মার্কিন সরকারের দ্বিদলীয় সংস্থা ইউএসসিআইআরএফ বিশ্বজুড়ে ধর্মীয় স্বাধীনতা পর্যবেক্ষণ ও নীতিগত সুপারিশ করলেও তা মানা ওয়াশিংটনের জন্য বাধ্যতামূলক নয়।

অন্যদিকে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বরাবরের মতোই ইউএসসিআইআরএফ-কে ‘পক্ষপাতদুষ্ট’ বলে পাল্টা অভিযোগ তুলেছে এবং এই সমালোচনাকে ভারতের অভ্যন্তরীণ বিষয়ে অযাচিত হস্তক্ষেপ হিসেবে প্রত্যাখ্যান করেছে। তাদের বক্তব্য, এসব মন্তব্য ভারতের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল। এ বিষয়ে মন্তব্য জানতে ওয়াশিংটনে ভারতের দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছিল বার্তা সংস্থা রয়টার্স। তবে দূতাবাস তাৎক্ষণিকভাবে কোনো জবাব দেয়নি।

ভোটার তালিকা সংশোধনের (এসআইআর) প্রতিবাদে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ভারতে বিক্ষোভ হয়েছে। বিরোধী দল ও শিক্ষার্থীদের অভিযোগ, এ সংশোধনে হিন্দুত্ববাদী বিজেপিকে ভোট দেওয়ার সম্ভাবনা কম—এমন মানুষই বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। বিক্ষোভ দমনে ভারত সরকারের কঠোর পদক্ষেপের সমালোচনা করেছেন মানবাধিকার বিশেষজ্ঞরা।

গত মাসেই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বিষয়টিকে ভারতের ‘অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়’ আখ্যা দিয়ে এ নিয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছিলেন।

জাতিসংঘের বিশেষজ্ঞ ও মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, মোদি সরকারের আমলে সংখ্যালঘুদের ওপর নিপীড়ন বৃদ্ধি পেয়েছে। তারা এ ক্ষেত্রে কয়েকটি বিষয় তুলে ধরেছে। এর মধ্যে রয়েছে ঘৃণামূলক বক্তব্যের বিস্তার, ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব দেওয়ার আইন, মুসলিমদের মালিকানাধীন স্থাপনা ভেঙে ফেলা, মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাশ্মীরের স্বায়ত্তশাসন বাতিল এবং ধর্মান্তরবিরোধী আইন।

ইত্তেফাক/এমএসআর