শেখ হাসিনার পরিণতি হলো প্রত্যর্পণ ও আত্মসমর্পণ: মাহফুজ আলম

আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ০০:৫৯

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার দেশে ফেরাকে ‘প্রত্যাবর্তন নয়’ বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘অল্টারনেটিভস’-এর প্রতিষ্ঠাতা মাহফুজ আলম। তার মতে, শেখ হাসিনার পরিণতি হলো ‘প্রত্যর্পণ ও আত্মসমর্পণ’।

শুক্রবার (২০ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। পাশাপাশি আওয়ামী লীগকে বিগত ১৭ বছরের শাসনের সত্য স্বীকার করে বিচারের মুখোমুখি হওয়ার আহ্বান জানান তিনি।

ফেসবুক পোস্টে মাহফুজ আলম উল্লেখ করেন, সন্ত্রাস ও খুনের রাজনীতির বদলে ১৭ বছরের ফ্যাসিবাদের সত্য স্বীকার, বিচারের মুখোমুখি হওয়া এবং সন্ত্রাস ত্যাগের ঘোষণা ছাড়া কোনো ধরনের ‘রিকনসিলিয়েশন’ বা সমঝোতার আলোচনা সম্ভব নয়।

সমঝোতার পূর্ববর্তী প্রসঙ্গ টেনে তিনি লেখেন, সম্ভাব্য গৃহযুদ্ধের (সিভিল ওয়ার) পরিস্থিতি এড়াতে ২০২৪ সালের ২১ আগস্ট জুলাই গণঅভ্যুত্থানের সংগঠকদের মধ্যে সম্ভবত তিনিই প্রথম রিকনসিলিয়েশনের কথা তুলেছিলেন। তবে তার অভিযোগ, আওয়ামী লীগের মধ্যে বিন্দুমাত্র অনুশোচনা কিংবা আত্মপর্যালোচনা নেই।

আওয়ামী লীগের কর্মকাণ্ডের কারণে দেশের অর্থনীতি ও নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন মাহফুজ আলম। পোস্টে তিনি লেখেন, সন্ত্রাস ও খুনের রাজনীতি অব্যাহত থাকলে দেশে অস্থিতিশীলতা, শিল্প-বাণিজ্য ধ্বংস এবং জীবন ও সম্পদের যে ক্ষতি হবে, তার দায় আওয়ামী লীগ এবং তাদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া রাষ্ট্রকে নিতে হবে।

এ ছাড়া চলমান সীমান্তপারের (ট্রান্স-বর্ডার) সন্ত্রাসের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রশ্নে সরকার এবং জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

 

 

ইত্তেফাক/এএম