ঢাকার অনেক স্কুলে ‘ভর্তি ফি নৈরাজ্য’

আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ০৪:০০

রাজধানীর অধিকাংশ স্কুলে চলছে ‘ভর্তি ফি নেরাজ্য’। শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালা অনুসারে এবার ঢাকা মহানগরীতে বাংলা মাধ্যম স্কুলে ভর্তি ফি সর্বোচ্চ ৮ হাজার টাকা; ইংরেজি ভার্শনে ১০ হাজার টাকা। তবে এটা শুধু নীতিমালাতেই সীমাবদ্ধ। রাজধানীতে এমন শিক্ষাপ্রতিষ্ঠান খুঁজে পাওয়া কঠিন, যেখানে এই টাকায় ভর্তি হওয়া সম্ভব। অনেকে শিক্ষাপ্রতিষ্ঠান প্রথম শ্রেণিতে ভর্তি ফি নিচ্ছেন ১৫ হাজার থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত। উন্নয়ন ফি, আইডি কার্ড ফি, বিদ্যুত্ বিল, জেনারেটর চার্জসহ নানা খাত দেখিয়ে এই ফি নেওয়া হচ্ছে। সব মিলিয়ে সন্তান ভর্তি করতে গিয়ে অভিভাবকদের নাভিশ্বাস উঠছে। তবে বিদেশি কারিকুলামে চলা ইংরেজি মাধ্যম স্কুলগুলোতে ভর্তি ফি অনেক বেশি। ধানমন্ডি, উত্তরা ও বসুন্ধরা এলাকায় অবস্থিত তিনটা ইংলিশ মিডিয়াম স্কুলে প্রথম শ্রেণিতে (গ্রেড-১) ভর্তি ফি লাখ টাকার ওপরে। 

মো. রবিউল ইসলাম সম্প্রতি তার সাড়ে ছয় বছরের সন্তানকে উত্তরায় একটি নামিদামি স্কুলের প্রধান শাখায় বাংলা মাধ্যমে প্রথম শ্রেণিতে ভর্তি করাতে যান। স্কুল থেকে তাকে জানিয়ে দেওয়া হয় ভর্তি হতে ১৭ হাজার ৩০০ টাকা লাগবে। অথচ শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালা অনুযায়ী ৮ হাজার টাকায় ভর্তি করানোর কথা। অতিরিক্ত ফি আদায়ের ব্যাপারে ঐ শিক্ষাপ্রতিষ্ঠানের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে ইত্তেফাককে বলেন, তাদের স্কুলটি পুরোপুরি বেসরকারি। এ কারণে ভর্তি ফি বেশি নেওয়া হচ্ছে। সরকারি ও এমপিওভুক্ত স্কুলের নীতিমালা পুরোপুরি বেসরকারি স্কুলের ওপরে চাপিয়ে দেওয়া কি ঠিক? পুরো বেসরকারি স্কুলগুলোর জন্য পৃথক ভর্তি নীতিমালা প্রণয়ন করা উচিত।  

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল গতকাল ইত্তেফাককে বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালা উপেক্ষা করে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান অতিরিক্ত ভর্তি ফি আদায় করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নির্ধারিত ফির বাইরে কোনো অর্থ আদায় করা হচ্ছে কি না, সে বিষয়ে অধিদপ্তরের নিয়মিত নজরদারি থাকবে। প্রসঙ্গত, গত মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মোহাম্মদ মনোয়ার হোসেন স্বাক্ষরিত ‘বেসরকারি স্কুল, স্কুল অ্যান্ড কলেজে (মাধ্যমিক, নিম্নমাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তর) শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০২৭’ প্রকাশ করা হয়। নতুন এই নীতিমালা অনুযায়ী, একই শিক্ষাপ্রতিষ্ঠানে পরবর্তী শ্রেণিতে উঠলে আর পুনঃভর্তি ফি নেওয়া যাবে না। কোনো প্রতিষ্ঠান এ নিয়ম ভাঙলে তাদের এমপিও বাতিলসহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবে নতুন নীতিমালায় নির্দিষ্ট হারে সেশন চার্জ নেওয়ার সুযোগ রাখা হয়েছে। এ সুযোগে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আবারও বাড়তি টাকা আদায় করছে। তাই মাঠপর্যায়ে কঠোর নজরদারির দাবি জানিয়েছেন অভিভাবকরা।

জানা গেছে, দেশে ৬৫ হাজার ৫৬৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ২৬ হাজার থেকে ৩২ হাজার কিন্ডারগার্টেন ও অন্যান্য বেসরকারি প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এছাড়া মাধ্যমিক ও উচ্চবিদ্যালয় রয়েছে ২০ হাজার ৯৬০টির বেশি এবং দাখিল ও আলিম স্তরসহ আলিয়া মাদ্রাসা রয়েছে ৯ হাজার ২৯৬টির বেশি। এসব প্রতিষ্ঠানে সব মিলিয়ে শিক্ষার্থী রয়েছে প্রায় ৪ কোটি। নতুন স্কুল ভর্তি নীতিমালায় আবেদন ও ভর্তি ফির সর্বোচ্চ সীমাও নির্ধারণ করে দেওয়া হয়েছে। অনলাইনে প্রথম শ্রেণিতে ভর্তির আবেদন ফরমের মূল্য সর্বোচ্চ ১১০ টাকা এবং দ্বিতীয় থেকে নবম শ্রেণির জন্য সর্বোচ্চ ২৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া এলাকাভেদে সেশন চার্জসহ ভর্তি ফির সর্বোচ্চ সীমা বেঁধে দেওয়া হয়েছে। মফস্সল এলাকায় সর্বসাকুল্যে ৫০০ টাকা, উপজেলা পৌর এলাকায় ১ হাজার, জেলা সদর পৌর এলাকায় ২ হাজার এবং ঢাকা ছাড়া অন্যান্য মহানগর এলাকায় ৩ হাজার টাকার বেশি নেওয়া যাবে না। কিন্তু সারা দেশের অধিকাংশ স্কুল তা মানছে না। ঢাকা মহানগর এলাকার এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে সর্বোচ্চ ৫ হাজার টাকা নিতে পারবে। আংশিক এমপিওভুক্ত প্রতিষ্ঠানগুলো বাংলা মাধ্যমে সর্বোচ্চ ৮ হাজার এবং ইংরেজি ভার্শনে সর্বোচ্চ ১০ হাজার টাকা নিতে পারবে। তবে উন্নয়ন খাতে কোনো প্রতিষ্ঠান ৩ হাজার টাকার বেশি আদায় করতে পারবে না। সরকার নির্ধারিত ফির চেয়ে অতিরিক্ত অর্থ আদায় করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের এমপিও বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেওয়ার বিধানও রাখা হয়েছে।

প্রতি বছর কেন উন্নয়ন ফি শিক্ষার্থীর কাছ থেকে নিতে হবে :অভিভাবক ঐক্য ফোরামের সভাপতি মো. জিয়াউল কবির দুলু গতকাল ইত্তেফাক বলেন, প্রথম শ্রেণি থেকে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পরবর্তী শ্রেণিতে ওঠা শিক্ষার্থীদের কাছ থেকে মাসিক টিউশন ফি ছাড়া অন্য কোনো ধরনের ফি আদায় করা উচিত নয়। অথচ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান সেশন ফি, উন্নয়ন ফি, আইডি কার্ড ফি, বিদ্যুত্ বিল, জেনারেটর চার্জসহ নানা খাত দেখিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে ৭ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত আদায় করে থাকে। প্রতি বছর উন্নয়ন ফি কেন শিক্ষার্থীর কাছ থেকে নিতে হবে? নতুন কেউ ভর্তি হলে তার কাছ থেকে একবারের জন্য উন্নয়ন ফি নেওয়া যেতে পারে। তিনি বলেন, অনেক প্রতিষ্ঠান জানুয়ারিতে এক দফা টাকা নেওয়ার পর মার্চে আবার নতুন করে বিভিন্ন ফির তালিকা ধরিয়ে দেয়। এতে অভিভাবকরা আর্থিকভাবে চাপে পড়ছেন। তাই সব ধরনের ফি বন্ধ করা উচিত। তিনি বলেন, সন্তানদের স্কুলে পড়ানোর কারণে অনেক অভিভাবক শিক্ষকদের কাছে একপ্রকার জিম্মি হয়ে পড়েন। অতিরিক্ত ফি নিয়ে প্রতিবাদ করলে অনেক সময় শিক্ষার্থীদের সঙ্গে অপমানজনক আচরণ করা হয়। এতে শিশুরা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং একপর্যায়ে স্কুলে যেতেও অনীহা প্রকাশ করে। জিয়াউল কবির দুলু বলেন, সরকার পুনঃভর্তি ফি বন্ধের যে নির্দেশনা দিয়েছে, তা যেন শুধু নামের মধ্যেই সীমাবদ্ধ না থাকে। কারণ, জানুয়ারিতে ভর্তি বা সেশন ফির নামে টাকা না নিয়ে পরবর্তী সময়ে উন্নয়ন ফি, ভবন নির্মাণ ফি, বিদ্যুত্ বিল, জেনারেটর চার্জ, আইডি কার্ড ফিসহ বিভিন্ন খাত দেখিয়ে টাকা আদায়ের আশঙ্কা রয়েছে। এভাবে ফির নাম পরিবর্তন করে অতিরিক্ত অর্থ আদায় বন্ধ করতে হবে।

ঘোষিত নীতিমালার শতভাগ বাস্তবায়ন জরুরি :ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের একজন অধ্যাপক গতকাল ইত্তেফাককে বলেন, রাজধানীসহ সারা দেশে নামিদামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ফি নিয়ে অনিয়ম চলছে। এসব শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতি বছর অভিযোগ ওঠে। তবে নৈরাজ্য ঠেকাতে শিক্ষা মন্ত্রণালয়ের কার্যকর কোনো উদ্যোগ নেই। ঘোষিত নীতিমালার শতভাগ বাস্তবায়ন জরুরি।

ইত্তেফাক/এএম