পাহাড়, নদী ও ঝরনার পাশাপাশি খাগড়াছড়ির পর্যটনে নতুন মাত্রা যোগ করেছে দীঘিনালা উপজেলার হাজাছড়া এলাকার লাল শাপলার বিল। প্রায় ২০ একর আয়তনের এই জলাভূমির অর্ধেকজুড়ে ফুটে থাকা লাল শাপলার সমারোহ দেখতে প্রতিদিনই ভিড় করছেন দেশের বিভিন্ন প্রান্তের দর্শনার্থীরা, যা স্থানীয় বাসিন্দাদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগও তৈরি করছে।
দীঘিনালা উপজেলা সদর থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে মেরুং বাজার অবস্থিত। সেখান থেকে পূর্ব দিকে মাইনী নদী পার হয়ে আধা কিলোমিটার এগোলেই দেখা মেলে হাজাছড়া বিলের, যা স্থানীয়দের কাছে ‘ছোট হাজাছড়া ডেবা’ নামে পরিচিত। বছরের অধিকাংশ সময় পানিতে তলিয়ে থাকা এই জলাভূমির অর্ধেক অংশজুড়েই ফুটে থাকে অসংখ্য লাল শাপলা।
স্থানীয় বাসিন্দাদের তথ্যমতে, প্রতি বছর সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত এই বিলে শাপলা ফোটে। প্রায় দুই দশক ধরে এখানে শাপলা ফুটলেও এতদিন বিষয়টি সাধারণ মানুষের আড়ালেই ছিল। তবে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বিলটির ছবি ও ভিডিও ছড়িয়ে পড়লে ভ্রমণপিপাসুদের আনাগোনা ব্যাপকভাবে বেড়ে যায়।
সকালের দিকে বিলটির প্রকৃত সৌন্দর্য সবচেয়ে ভালোভাবে উপভোগ করা যায়। ভোরের আলো শাপলার পাপড়িতে পড়ার পাশাপাশি জলাভূমির পানিতে ছোট নৌকায় ঘুরে বেড়ান দর্শনার্থীরা। এ সময় বিলে মাছরাঙা, পানকৌড়ি ও রাজহাঁসের বিচরণ দেখা যায়। দর্শনার্থীদের বড় একটি অংশ নারী, যাঁরা শাপলা তুলে খোঁপায় গুঁজে ছবি তোলেন। পাশাপাশি ভ্রমণবিষয়ক কনটেন্ট নির্মাতা ও ইউটিউবাররাও ভিডিও, রিলস ও লাইভ স্ট্রিম তৈরির জন্য এখানে আসছেন।
ভ্রমণের উপযুক্ত সময় সম্পর্কে দীঘিনালা উপজেলা হর্টিকালচার সেন্টারের উদ্যানতত্ত্ববিদ মো. আবুল খায়ের বলেন, ‘ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত সূর্যের তীব্রতা কম থাকায় ফুলের সবগুলো পাপড়ি খোলা থাকে। এ সময় ফুলের সৌন্দর্য সবচেয়ে বেশি থাকে।’ প্রাকৃতিক বৈচিত্র্যের কারণে জায়গাটি পর্যটনের সম্ভাবনাময় একটি কেন্দ্র হিসেবে গড়ে ওঠার সুযোগ রয়েছে বলেও তিনি মনে করেন।
চট্টগ্রাম থেকে ঘুরতে আসা দর্শনার্থী নজরুল ইসলাম তার অনুভূতি জানিয়ে বলেন, ‘পার্বত্য এলাকায় এমন মনোমুগ্ধকর বিল আছে, সেটা এখানে না এলে বিশ্বাস হতো না।’
পর্যটকদের এই সমাগমকে কেন্দ্র করে স্থানীয়দের জীবিকায় ইতিবাচক পরিবর্তন এসেছে। নৌকার মাঝি ইসমাইল হোসেন জানান, দর্শনার্থীদের নৌকায় করে বিল ঘুরিয়ে দেখিয়ে তিনি প্রতিদিন ৭০০ থেকে ৮০০ টাকা আয় করছেন। পর্যটক বাড়লে আয় আরও বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন। একইভাবে ইজিবাইক চালক মো. রহিমও যাত্রী বাড়ায় আয় বৃদ্ধির কথা জানান। এ ছাড়া স্থানীয়দের কেউ কেউ বিল থেকে শাপলা তুলে বাজারে বিক্রি করেন, কেউ মাছ ধরেন এবং শুষ্ক মৌসুমে এই জমিতে ধান চাষও করা হয়।
দর্শনার্থীর সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে পরিবেশগত উদ্বেগের বিষয়টিও সামনে এসেছে। বিলের পরিবেশ রক্ষা প্রসঙ্গে সিএইচটি বায়োডাইভারসিটি কনজারভেশন ইনিশিয়েটিভের সদস্য সমীর মল্লিক বলেন, ‘হাজাছড়ার লাল শাপলার বিল শুধু ভ্রমণ-বিনোদনের স্থান নয়, স্থানীয় মানুষের জীবিকা ও জলাভূমির পরিবেশের সঙ্গেও যুক্ত। সাম্প্রতিক সময়ে দর্শনার্থীদের ফেলে যাওয়া প্লাস্টিক ও অন্যান্য বর্জ্য নিয়ে স্থানীয়ভাবে উদ্বেগের কথাও উঠেছে। তাই ভ্রমণের সময় প্লাস্টিকের বোতল, প্যাকেট বা কোনো ধরনের বর্জ্য বিলে না ফেলা এবং অকারণে শাপলা না ছেঁড়াই উচিত।’
বিলটিকে পরিকল্পিত পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার বিষয়ে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা বলেন, ‘বিলের অংশীজনদের সঙ্গে আলোচনা করে প্রকৃতি ও পরিবেশবান্ধব পর্যটন স্পট হিসেবে এটিকে গড়ে তোলা যায় কি না, তা চিন্তাভাবনা চলছে। শুধু লাল শাপলার বিল নয়, দীঘিনালায় অনেক পাহাড়ি ঝরনাও আছে। পর্যটনশিল্প বিকাশের জন্য সম্ভাবনাময় প্রতিটি স্পটকে পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তুলতে জেলা পরিষদের পরিকল্পনা আছে।’
