কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে পাওয়া গেছে রেকর্ড ৫১ বস্তা টাকা। শনিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় গণনা শুরু হওয়ার পর প্রথম তিন ঘণ্টায় ১০ কোটি টাকা গণনা করা হয়েছে। গণনা করা টাকা পুলিশ পাহারায় ব্যাংকে পাঠানো হয়েছে।
এবার দানবাক্সে পাওয়া টাকার পরিমাণ আগের সব রেকর্ড ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৭টায় জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন এবং কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর ও হোসেনপুর) আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলামের উপস্থিতিতে দানবাক্সগুলোর তালা খোলা হয়। প্রায় পাঁচ মাস পর খোলা এসব দানবাক্সে পাওয়া যায় ৫১ বস্তা টাকা।
আজ সকাল সাড়ে ৯টায় প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক সোহানা নাসরিন ৫১ বস্তা টাকা পাওয়ার তথ্য নিশ্চিত করেন। এরপর শুরু হয় টাকা গণনার কাজ।
দুপুর সাড়ে ১২টা পর্যন্ত তিন ঘণ্টায় ১০ কোটি টাকা গণনা করা হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, টাকা গণনার কাজে অংশ নিয়েছেন জামিয়া ইমদাদিয়া মাদরাসার ৩০০ জন শিক্ষার্থী, পাগলা মসজিদ মাদরাসার ৯০ জন শিক্ষার্থী, রূপালী ব্যাংকের ১৫০ জন কর্মকর্তা, পাগলা মসজিদের ৩৫ জন কর্মচারী এবং জেলা প্রশাসনের ২৪ জন কর্মচারী। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের সভাপতিত্বে সাত সদস্যের একটি উপকমিটি এ কার্যক্রম পরিচালনা করছে।
গণনা কার্যক্রম নির্বিঘ্ন করতে জেলা প্রশাসনের ১৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৪০ জন পুলিশ সদস্য, ৮ জন এসআরবি সদস্য এবং ১০ জন ব্যাটালিয়ন আনসার সদস্য নিরাপত্তার দায়িত্ব পালন করছেন।
দানবাক্স খোলার সময় সকালে কিশোরগঞ্জ জেলার দায়িত্বপ্রাপ্ত জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন, পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও দানবাক্স খোলা কমিটির আহ্বায়ক মো. এরশাদুল আহমেদ প্রমুখের উপস্থিতিতে দানবাক্সগুলো খোলা হয়। এছাড়াও এসময় বিপুল সংখ্যক এসআরবি, পুলিশ ও আনসার সদস্য উপস্থিত ছিলেন।
এর আগে, সবশেষ চলতি বছরের ২৭ জুন পাগলা মসজিদের দানবাক্স খুলে রেকর্ড ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা পাওয়া যায়। টাকার পাশাপাশি বৈদেশিক মুদ্রা, স্বর্ণালংকারও পাওয়া গেছে বিপুল পরিমাণ।
মসজিদের দান থেকে পাওয়া এসব অর্থ সংশ্লিষ্ট মসজিদসহ জেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও এতিমখানার পাশাপাশি বিভিন্ন সমাজকল্যাণমূলক কাজে ব্যয় হয়।
প্রায় আড়াইশ বছরের পুরোনো পাগলা মসজিদটি কিশোরগঞ্জ সদর উপজেলার নরসুন্দা নদীর তীরে তিন একর ৮৮ শতাংশ জমির ওপর অবস্থিত। ধর্ম-বর্ণনির্বিশেষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে মসজিদটি পরিচিত একটি আধ্যাত্মিক স্থান হিসেবে। মানুষের বিশ্বাস, এখানে মানত করলে মনের বাসনা পূরণ হয়। এ বিশ্বাস থেকে অনেকে রোগমুক্তি, উচ্চশিক্ষা ও সন্তান লাভসহ বিভিন্ন উদ্দেশ্যে দান করেন। টাকা-পয়সার পাশাপাশি স্বর্ণালংকার ও নানা সামগ্রীও দান করেন অনেকে।
