আওয়ামী লীগের ওপর স্থায়ী নিষেধাজ্ঞা দিতে চার সচিবকে আইনি নোটিশ

আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ১৫:০৭

বাংলাদেশ আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞাকে স্থায়ী বিধিবদ্ধ আইনি কাঠামোয় নিয়ে আসা এবং দলটির বিরুদ্ধে ওঠা সহিংসতা, অগ্নিসংযোগ ও হত্যাকাণ্ডের অভিযোগ তদন্তে স্বাধীন বিচার বিভাগীয় কমিশন গঠনের দাবিতে সরকারের চার সচিবকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) মো. রবিউল করিমের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী এএসএম শাহরিয়ার কবির ১৬ পৃষ্ঠার এই নোটিশটি পাঠান।

মন্ত্রিপরিষদ সচিব এবং পররাষ্ট্র, স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ের সচিব বরাবর পাঠানো ওই নোটিশে প্রস্তাবিত পদক্ষেপগুলো কেন গ্রহণ করা হবে না, তা ২৪ ঘণ্টার মধ্যে ব্যাখ্যা করতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে পদক্ষেপ নেওয়া না হলে আগামী ২২ নভেম্বর হাইকোর্ট বিভাগে রিট আবেদন করা হবে বলে নোটিশে সতর্ক করা হয়। ওই রিটে রুল নিশি জারির পাশাপাশি দাবিগুলো বাস্তবায়নে কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়ার আরজি জানানো হবে।

নোটিশে নিষেধাজ্ঞার সুস্পষ্ট আইনি ভিত্তি তৈরির জন্য জাতীয় সংসদে আইন প্রণয়ন কিংবা সংসদ অধিবেশন না থাকলে অধ্যাদেশ জারির আহ্বান জানানো হয়েছে। এ ছাড়া নিষিদ্ধ কার্যক্রমে অর্থায়ন বা সংগঠিত করার দায়ে শাস্তি, সম্পদ বাজেয়াপ্তকরণ এবং হাইকোর্ট বিভাগের মাধ্যমে বিচারিক পর্যালোচনার বিধান রাখার প্রস্তাব করা হয়েছে।

২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে ওঠা সহিংসতার অভিযোগ তদন্তে সুপ্রিম কোর্টের কর্মরত বা অবসরপ্রাপ্ত কোনো বিচারপতির নেতৃত্বে ৯০ দিনের একটি স্বাধীন বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের দাবিও জানানো হয়েছে নোটিশে। এই তদন্তে অর্থায়নের উৎস এবং কোনো বিদেশি সম্পৃক্ততা বা সহায়তা রয়েছে কি না, তা খতিয়ে দেখে প্রতিবেদন জনসমক্ষে প্রকাশ এবং জাতিসংঘে পাঠানোর কথা উল্লেখ করা হয়েছে।

পাশাপাশি বাংলাদেশের কূটনৈতিক মিশনগুলোর মাধ্যমে বিদেশি সরকারগুলোকে নিষেধাজ্ঞার বিষয়টি আনুষ্ঠানিকভাবে অবহিত করা এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৩৭৩ নম্বর প্রস্তাবের আওতায় গৃহীত পদক্ষেপ সম্পর্কে জাতিসংঘকে জানাতে সরকারকে অনুরোধ করা হয়েছে। নোটিশে যুক্তরাষ্ট্রের অভিবাসন ও জাতীয়তা আইনের আওতায় আওয়ামী লীগকে ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করার বিষয়টি বিবেচনার জন্য ওয়াশিংটনকে অনুরোধ জানাতেও সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।

এ ছাড়া সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ এবং দণ্ডবিধি, ১৮৬০-এর সংশ্লিষ্ট ধারায় জেনেশুনে নিষিদ্ধ সশস্ত্র কার্যক্রমে অর্থায়ন, সংগঠন বা সহায়তাকারীদের বিরুদ্ধে তদন্ত এবং প্রমাণ সাপেক্ষে ফৌজদারি মামলা করার দাবি জানিয়েছেন আইনজীবী। তবে বৈধ রাজনৈতিক মতামত, শান্তিপূর্ণ ভিন্নমত এবং সরকারের সমালোচনাকে শাস্তির আওতায় না আনার বিষয়টি নোটিশে স্পষ্ট করা হয়েছে।

ইত্তেফাক/এনএন