হাজারীবাগে গ্যাস বিস্ফোরণে নারী নিহত, আহত ২

আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ২১:৩৪

রাজধানীর হাজারীবাগের বটতলায় একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে পারভিন বেগম (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় তার মেয়ে ফাতেমা আক্তার উর্মি (২১) ও খালাতো বোন ফরিদা বেগম (৫০) আহত হয়েছেন।

রোববার (২২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে বটতলা মাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আহত উর্মিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং ফরিদাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন জানান, একটি বাসায় বিস্ফোরণের ঘটনায় পারভিন নামে এক নারী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় দুজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিস ঘটনাস্থল পরিদর্শন করে জানিয়েছে, বাসার গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে থাকতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

আহত ফাতেমা আক্তার উর্মি জানান, বটতলায় একটি ছয়তলা ভবনের দ্বিতীয় তলায় ভাড়া থাকেন তারা। ঘটনার সময় তিনি বাসায় ঘুমিয়ে ছিলেন। হঠাৎ বিস্ফোরণের শব্দে ঘুম ভেঙে যায়। ঘর থেকে বের হয়ে দেখেন, বাসার দেয়াল ও জানালার কাচ ভেঙে গেছে।

তিনি আরও জানান, ঘরের ভেতরে কেউ একজন ব্লেন্ডার চালু করেছিলেন। এর পরপরই বিস্ফোরণ ঘটে। তবে ঠিক কী কারণে বিস্ফোরণ হয়েছে, তা নিশ্চিত নন তিনি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান জানান, হাজারীবাগে বিস্ফোরণে ফরিদা বেগম নামে এক নারী গুরুতর আহত ও দগ্ধ হয়েছে। তাকে বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহত উর্মির কপালে আঘাত লেগেছে। ঢাকা মেডিকেলের জরুরি বিভগে তার চিকিৎসা চলছে।

 
ইত্তেফাক/এমএএম