বৃটেনে বাড়ছে কর্মজীবী দারিদ্র্য

আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৮, ২১:৩৫

বৃটেনে কর্মসংস্থান বৃদ্ধির তুলনায় দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী কর্মজীবীদের সংখ্যা দ্রুত বাড়ছে। সম্প্রতি দেশটির প্রকাশিত এক প্রতিবেদনে দেখা গেছে, দেশটিতে প্রায় ৪০ লাখ কর্মজীবী দারিদ্র্যের মধ্যে জীবনযাপন করছেন। কাজ সত্ত্বেও গত পাঁচ বছরে বৃটেনের পাঁচ লাখের বেশি কর্মজীবী দারিদ্র্যে পতিত হয়েছে। স্বল্প মজুরি প্রবৃদ্ধি, ক্ষয়িষ্ণু সামাজিক নিরাপত্তা ব্যবস্থা ও কর অবকাশ এবং ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয়ের কারণে অধিকাংশ কর্মজীবী পিতা-মাতার খাদ্য, বস্ত্র ও বাসস্থানের জন্য যথেষ্ট অর্থ আয় করা ক্রমে কঠিন হয়ে পড়ছে। কর্মজীবীদের মধ্যে দারিদ্র্যের হার বৃদ্ধির অন্যতম কারণ এটি। এর প্রত্যক্ষ পরিণতি হিসেবে গত পাঁচ বছরে পাঁচ লাখের বেশি শিশু দারিদ্র্যের জালে আটকা পড়েছে।