জুলাইয়ের নেতৃত্বের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নাহিদের 

আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ০১:৫১

পরিকল্পিতভাবে জুলাইয়ের নেতৃত্বের ওপর একের পর এক হামলা চালাচ্ছে ফ্যাসিস্ট আওয়ামী সন্ত্রাসীরা বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। দাাবি জানিয়ে তিনি বলেন, ‘এসব হামলার সঙ্গে জড়িত প্রত্যেক সন্ত্রাসীকে অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে চোরাগোপ্তা হামলা প্রতিরোধ এবং জুলাইয়ের নেতৃত্ব, শহিদ পরিবার ও আহত যোদ্ধাদের ব্যক্তিগত ও পারিবারিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।’

রোববার (২২ নভেম্বর) মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এ দাবি জানান নাহিদ। 

সরকারের ব্যর্থতা উল্লেখ করে তিনি লিখেন, জুলাইয়ের নেতৃত্বের ওপর বেশ কয়েকটি হামলার ঘটনার পরও সরকার এখন পর্যন্ত জড়িতদের বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। সরকারের এমন দায়িত্বহীনতা ও নির্লিপ্ততা সন্ত্রাসীদের আরও বেপরোয়া করে তুলছে। 

‘জনগণের কাছে চূড়ান্তভাবে ধিকৃত ও পরাজিত হওয়ার গ্লানি থেকে এখনো বের হতে পারেনি পতিত ফ্যাসিবাদী গোষ্ঠী’ এমন মন্তব্য করে পোস্টে তিনি লিখেন, ‘গত কয়েক দিনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক নুসরাত তাবাসসুম, মাহিন সরকার ও খান তালাত মাহমুদ রাফির গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। এর আগে আরেক সাবেক সমন্বয়ক হাসিব আল ইসলামের ওপর সরাসরি চাপাতি দিয়ে হামলা চালিয়েছে আওয়ামী সন্ত্রাসীরা। একইভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সহ-সমন্বয়ক মুসাদ্দিক ইবনে আলী মুহাম্মদের গ্রামের বাড়িতেও অগ্নিসংযোগ করা হয়েছে। জুলাইয়ের নেতৃত্বের ওপর ধারাবাহিক এসব হামলা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

 
ইত্তেফাক/এমএস