চট্টগ্রামের ফটিকছড়িতে মো. আবছার উদ্দীন চৌধুরী নামে এক ফার্নিচার ব্যবসায়ীকে এলোপাতাড়ি গুলি করে পালিয়েছে দুর্বৃত্তরা। রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার কাঞ্চননগর এলাকায় এই হামলার ঘটনা ঘটে। গুলিবিদ্ধ আবছার উদ্দীনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আবছার কাঞ্চননগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. সাহাব উদ্দিন চৌধুরীর ছেলে। পেশায় তিনি স্থানীয়ভাবে একটি দোকানে ব্যবসা করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে কাঞ্চননগর এলাকার দিঘির পাড়ে নিজ দোকানে বসে ছিলেন ব্যবসায়ী আবছার উদ্দীন চৌধুরী। এ সময় মোটরসাইকেলযোগে তিন ব্যক্তি সেখানে এসে উপস্থিত হয়। তাদের হাতে আগ্নেয়াস্ত্র দেখে আবছার দৌড়ে পালানোর চেষ্টা করলে মোটরসাইকেল থেকে দুজন নেমে পিছু ধাওয়া করে এবং তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে তার হাত ও পাসহ শরীরের বিভিন্ন স্থানে গুলি লাগে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ফটিকছড়ি থানার ওসি মো. রবিউল আলম খান জানান, প্রাথমিকভাবে শুটার মোবারক হোসেন ওরফে কালা মোবারককে গ্রেপ্তারে পুলিশকে সহযোগিতা করা এবং তার সঙ্গে বিরোধের জেরে এ হামলা হয়েছে বলে ধারণা পুলিশের।
কালা মোবারকের সহযোগীদের মধ্যে যারা এখনো গ্রেপ্তার হয়নি। তাদের কেউ এ ঘটনায় জড়িত থাকতে পারে বলেও জানান তিনি।
