রংপুর নগরের মাছুয়াপাড়া মহল্লায় বহুল আলোচিত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, কন্যা ও পুত্রসহ চারজনকে নৃশংসভাবে হত্যার ঘটনার তিন মাস পর আদালতে চার্জশিট দাখিল করতে গিয়ে বিপাকে পড়েছেন মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। চার্জশিটে একাধিক অসংগতি এবং ‘চুরির ঘটনাকে ঘিরে হত্যাকাণ্ড ঘটেছে’ এমনটি উল্লেখ থাকার আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আপত্তিতে সেটি সংশোধনের জন্য ফিরিয়ে নিয়ে গেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা।
রোববার (২২ নভেম্বর) সকালে রংপুর মহানগর দায়রা জজ আদালতে চার্জশিট দাখিলের জন্য নিয়ে যান মামলার তদন্তকারী কর্মকর্তা রংপুর মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবির) পরিদর্শক জিন্নাত আলী। তবে আদালতের সংশ্লিষ্ট শাখায় কাগজপত্র যাচাইয়ের সময় সিআইডির ফরেনসিক প্রতিবেদনসহ বেশ কিছু বিষয়ে অসংগতি ধরা পড়ে। পরে চার্জশিটটি জমা না দিয়েই ফিরিয়ে নেন তদন্তকারী কর্মকর্তা।
এ বিষয়ে রংপুর মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আব্দুল হাদী বেলাল বলেন, ‘চার্জশিটে ত্রুটি থাকায় সেটি সংশোধন করতে বলা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত বলা ঠিক হবে না।’
আদালত সূত্রে জানা গেছে, তদন্তে গভীর অনুসন্ধান না করে গ্রেপ্তার দুই আসামি সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতেই চারজনকে হত্যার ঘটনা বর্ণনা দিয়ে চার্জশিট তৈরি করা হয়েছে। আবার খেজুরের বিচির নমুনায় মুগ্ধ দাসের, শসার টুকরায় সিদ্ধার্থ দাসের এবং বিড়ির শেষাংশে দুজনেরই ডিএনএ পাওয়ার যে প্রতিবেদন সিআইডির ফরেনসিক ল্যাব থেকে দেওয়া হয়েছিল, সেটি চার্জশিটের সঙ্গে জমা দেওয়া হয়নি। এছাড়া ঘটনার পর থেকেই নিহতদের স্বজন, অপরাধ বিশেষজ্ঞ ও মানবাধিকারকর্মীরা হত্যাকাণ্ডে আরও কয়েকজনের সম্পৃক্ততা থাকতে পারে বলে যে সন্দেহ প্রকাশ করে আসছেন। তাদের সেই অভিযোগ তদন্তে যথাযথ গুরুত্ব পায়নি। এমনকি পূর্ণাঙ্গ আকারে চার্জশিট তৈরি করা হয়নি।
রোববার সকালে রংপুর মহানগর পুলিশের (আরএমপি) মিডিয়া সেল থেকে সাংবাদিকদের জানানো হয়, এ মামলায় আদালতে চার্জশিট দাখিল করা হবে। খবর পেয়ে এই প্রতিবেদকসহ বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা রংপুর মহানগর ম্যাজিস্ট্রেট আদালতে যান। সেখানে গিয়ে দেখা যায়, মামলার তদন্তকারী কর্মকর্তা জিন্নাত আলী মামলার সিডি ও অন্যান্য কাগজপত্র নিয়ে আদালতে উপস্থিত হন। পরে তিনি মহানগর দায়রা জজ আদালতে গিয়ে সংশ্লিষ্ট শাখায় চার্জশিট জমা দেওয়ার চেষ্টা করেন।
আদালতের একজন আইনজীবী নাম প্রকাশ না করার শর্তে জানান, চার্জশিট পর্যালোচনা করতে গিয়ে সিআইডির ফরেনসিক প্রতিবেদনসহ বেশ কিছু অসংগতি চোখে পড়ে। তিনি তদন্তকারী কর্মকর্তাকে সেগুলো সংশোধনের পরামর্শ দেন। এরপর জিন্নাত আলী সব কাগজপত্র নিয়ে দ্রুত আদালত চত্বর ত্যাগ করেন এবং মহানগর পুলিশ কার্যালয়ে গিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানান।
এ বিষয়ে জানতে চাইলে রংপুর মহানগর পুলিশ কমিশনার মাহবুবুর রশীদ ও মহানগর ডিবির উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে কয়েক দিনের মধ্যে চার্জশিট জমা দেওয়ার বিষয়টি সাংবাদিকদের আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে জানিয়েছেন সনাতন চক্রবর্তী।
মহানগর ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, মামলার তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক জিন্নাত আলী অল্প কিছুদিনের মধ্যে অবসরে যাবেন। এ কারণে তিনি তাড়াহুড়ো করে তদন্ত শেষ করে চার্জশিট তৈরির চেষ্টা করেছেন। চার্জশিটে দুই আসামি মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাসকে চারজনকে শ্বাসরোধে হত্যার জন্য দায়ী করা হয়েছে। তবে তদন্তে অসংগতি ধরা পড়ায় শেষ পর্যন্ত সেটি আদালতে জমা দেওয়া সম্ভব হয়নি।
উল্লেখ্য, চলতি বছরের ২২ আগস্ট শনিবার রাতে নগরের মাছুয়াপাড়া মহল্লার বাসা থেকে শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, কন্যা আগামী চক্রবর্তী ও শিশুপুত্র আয়াসের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় গণপতি চক্রবর্তীর বড় ভাই বাদী হয়ে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন।
তদন্তে মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাসকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন ২৩ আগস্ট দুই আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে দাবি করেন, বাসার ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় তারা চারজনকে একে একে শ্বাসরোধে হত্যা করেন। তবে দুই আসামির পক্ষে চারজনকে পরপর হত্যা করার বিষয়টি অবিশ্বাস্য দাবি করে জড়িত সবাইকে গ্রেফতারের দাবিতে নিহতদের স্বজন ও স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন।
