এইচএসসির পুনঃপরীক্ষার ফলের আগেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিতে বাধা নেই

আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ১৩:০১

এইচএসসি পরীক্ষার পুনঃপরীক্ষার ফল প্রকাশের আগেই ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ২০২৬–২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আয়োজন করতে বাধা নেই বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। এর ফলে ভর্তি পরীক্ষা ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত রাখার বিষয়ে হাইকোর্টের দেওয়া আদেশ আর কার্যকর থাকছে না।

সোমবার (২৩ নভেম্বর) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ হাইকোর্টের আদেশ স্থগিত করে এ নির্দেশ দেন।

এর আগে গত বুধবার (১৮ নভেম্বর) এক রিটের প্রাথমিক শুনানি শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত রাখার নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। একই সঙ্গে এইচএসসি পরীক্ষার সম্পূরক ও পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের পর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নির্দেশিকা অনুযায়ী ২০২৬–২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশের সিদ্ধান্ত কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ও বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত।

ওই রিটের প্রাথমিক শুনানিতে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দিয়েছিলেন।

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৬–২৭ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু হয়েছে গত ১১ নভেম্বর দুপুর ১২টা থেকে। আগামী ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করা যাবে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এবার পাঁচটি ইউনিটের অধীনে ভর্তি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা রয়েছে। ইউনিটগুলো হলো কলা, আইন ও সামাজিক বিজ্ঞান; বিজ্ঞান; ব্যবসায় শিক্ষা; চারুকলা এবং আইবিএ।

আইবিএ ইউনিট ছাড়া বাকি চারটি ইউনিটে আবেদন ফি ১৫০ টাকা করে বাড়ানো হয়েছে। বিজ্ঞান, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষা ইউনিটে আবেদন ফি ১ হাজার ২০০ টাকা। চারুকলা ইউনিটে ফি ১ হাজার ৪০০ টাকা এবং আইবিএ ইউনিটে আগের মতোই ১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

আবেদন ফি সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী ব্যাংকের মাধ্যমে অথবা অনলাইনে ডেবিট-ক্রেডিট কার্ড ও মোবাইল ফিন্যান্সিয়াল সেবায় জমা দেওয়া যাচ্ছে।

এ ছাড়া আবেদনের ন্যূনতম যোগ্যতা অপরিবর্তিত রেখে কয়েকটি বিভাগে ভর্তির শর্ত শিথিল করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর আওতায় কিছু বিভাগে ভর্তি পরীক্ষায় নির্দিষ্ট বিষয়ে প্রয়োজনীয় নম্বর এবং উচ্চমাধ্যমিক পরীক্ষায় কয়েকটি বিষয়ে ন্যূনতম গ্রেডের শর্ত কমানো হয়েছে। গত ৯ নভেম্বর উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ ভর্তি কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ইত্তেফাক/এসএ