নারায়ণগঞ্জের ফতুল্লায় বিএনপির একটি ওয়ার্ড কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় জেলা ছাত্রদলের সাবেক এক নেতাকে ছাত্রলীগের কর্মী এবং তার বাবাকে আওয়ামী লীগ নেতা হিসেবে উল্লেখ করে আসামি করা হয়েছে। মামলায় তাদের যথাক্রমে ৫ ও ৬ নম্বর আসামি করা হয়েছে। এ নিয়ে স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে।
অভিযোগ উঠেছে, বিএনপির দুই পক্ষের মধ্যে বিরোধের জেরে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান ও তার বাবা আলতাফ সরদারকে এ মামলায় আসামি করা হয়েছে। তাদের বাড়ি ফতুল্লার রামারবাগ এলাকায়।
জানা গেছে, গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ফতুল্লার লালখাঁ এলাকায় কুতুবপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় শনিবার (২১ নভেম্বর) রাতে ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফারুক মাতবর বাদী হয়ে ফতুল্লা থানায় ৬৮ জনের নাম উল্লেখ করে মামলা করেন। এতে অজ্ঞাতনামা আরও ৩০ জনকে আসামি করা হয়েছে।
মেহেদী হাসান বলেন, ২০২২ সালে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনির নেতৃত্বাধীন কমিটিতে তিনি সহসাংগঠনিক সম্পাদক ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত। মামলার বাদী ফারুক মাতবর তার দূরসম্পর্কের আত্মীয়। ফারুক বিএনপির একটি পক্ষের রাজনীতি করেন, আর তারা অন্য পক্ষের। দুই পক্ষের বিরোধের জেরেই তাদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
মেহেদী আরও বলেন, মামলার বাদী ফারুক মাতবরের সঙ্গে কথা বললে তিনি জানিয়েছেন, বিষয়টি ওপর থেকে এসেছে। তিনি শুধু বাদী হিসেবে মামলায় স্বাক্ষর করেছেন।
অভিযোগের বিষয়ে মামলার বাদী ফারুক মাতবর বলেন, ‘এটা সাংগঠনিক ব্যাপার। কোথায় কার নাম দিয়েছে, সেটা তো বোঝা যায় না। দু-একটি নাম ভুলও হতে পারে। যারা মামলা দিয়েছে, তারা হয়তো জানে না যে ছেলেটি বিএনপির সঙ্গে সংশ্লিষ্ট।’
এ বিষয়ে ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, মামলায় ছাত্রদলের কেউ আসামি হয়েছেন কি না, তা বাদী বলতে পারবেন। তারা কারও দলীয় পরিচয় বিবেচনা করে মামলা নেন না। বাদীর অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করা হয়েছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।
